• ‘গাঁজার ঠেক খুলতে ২৫ হাজার লাগবে...’, বিজেপি নেতার অডিয়ো ভাইরাল
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: ‘মাসিক ২৫ হাজার টাকা চাই। তাহলে গাঁজার ঠেক খোলার অনুমতি মিলবে!’ বৃহস্পতিবার বিজেপির এক নেতার ভাইরাল অডিয়ো ঘিরে শোরগোল পড়েছে। খোদ গেরুয়া শিবিরের অভিযোগ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিউ বারাকপুর জুড়ে একের পর এক গাঁজার ঠেকের ছাড়পত্র দেওয়া হচ্ছে। অভিযুক্ত বিজেপি নেতার দাবি, অপপ্রচার চালাচ্ছে দলেরই একাংশ। আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। নিউ বারাকপুর বাসিন্দা অশোক কর। তিনি বিজেপির উত্তর শহরতলি জেলার সহ কোষাধ্যক্ষ। বুধবার ভাইরাল হওয়া অডিয়োতে এক ব্যক্তিকে মহিলার সঙ্গে কথা বলতে শোনা যায়। ওই ব্যক্তির সঙ্গে মিল রয়েছে অশোকবাবুর কণ্ঠস্বরের। মহিলা বলছেন, ‘অপর্ণা নামে এক মহিলা চালায়। ২৫ হাজার টাকা কোথা থেকে দেবে? একটু কম করতে হবে। পাল্টা ওই ব্যক্তি বলেন, ‘ওরা প্রতিদিন কত আয় করে তোমার কোনো ধারণা নেই। পুলিশকে তো আরও বেশি দিতে হয়। ঠিক আছে, পাঁচ হাজার কমিয়ে দিচ্ছি। আমি বলে দিচ্ছি। দু’জনে দোকান খুলবে।’ 

    নিউ বারাকপুরের বিজেপি নেতা শম্ভু সমাদ্দার বলেন, আমরা সর্বত্র গাঁজার ঠেক বন্ধ করেছিলাম। এখন দেখছি সব চালু হয়েছে। একটি অডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে জেলার সহ কোষাধ্যক্ষ নিজেই গাঁজার ব্যবসা করা মহিলার সঙ্গে কথা বলছেন। গাঁজার ঠেক চলতে দেওয়ার রেট ফাইনাল করছেন। এর থেকে লজ্জার আর কি আছে? অশোক কর বলেন, আমরাই নিউ বারাকপুরে গাঁজার ঠেক বন্ধ করেছিলাম। নতুন করে কিছু কিছু জায়গায় খোলার খবর পেয়েছি। ওই অডিয়ো আমার নাম করে চালানো হচ্ছে। আমার দলেরই কিছু লোক এই অপপ্রচার করছে। ওই অডিয়ো ভুয়ো। আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)