একদা বিরোধী নেতা শুভেন্দুর মতো অভিষেকও কি সিবিআই তদন্ত চান? সার্বিক রক্ষাকবচের আবেদন ঘিরে হাইকোর্টে প্রশ্ন রাজ্যের
বর্তমান | ০৭ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলির জন্য সিবিআই বা নিরেপক্ষ সংস্থার তদন্ত দাবি করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলির সিবিআই তদন্ত চান? বর্তমান মুখ্যমন্ত্রীর উদাহরণ দেখিয়ে, অভিষেকের ‘ব্ল্যাঙ্কেট প্রোটেকশন’ বা সম্পূর্ণ রক্ষাকবচের আবেদনের প্রেক্ষিতে এই প্রশ্ন তুলল রাজ্য। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের মামলার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য বলেন, ‘বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু পুলিশি তদন্তের বদলে সিবিআই বা স্বাধীন সংস্থার তদন্ত চেয়েছিলেন। কিন্তু অভিষেকের আবেদনে সিবিআই তদন্তের কোনো উল্লেখ নেই।’ দুজনের মামলার বিষয়টিও আলাদা বলে আদালতে জানিয়েছে রাজ্য।
তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সব ‘ব্ল্যাঙ্কেট প্রোটেকশন’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। এক্ষেত্রে অভিষেকের দাবি, বর্তমান মুখ্যমন্ত্রীকেও আগে এই প্রোটেকশন দেওয়া হয়েছিল! কিন্তু আদালত সেই আবেদন মানেনি। সেখানে রাজ্যের আইনজীবী জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলেই সিবিআই তদন্ত চেয়েছিলেন শুভেন্দু। অভিষেকের আবেদনেও সেই ধরনের কোনো বিষয় রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
অভিষেকের আইনজীবী গোপাল শংকরনারায়ণ এবং অয়ন ভট্টাচার্য জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের হয়েছে। একথা জানিয়েছে রাজ্য। সবকিছু শোনার পর ১১ আগস্ট পর্যন্ত এই মামলা মুলতবি রেখেছেন বিচারপতি। অন্যদিকে, ভবানীপুর, কালীতলা ও বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ রয়েছে তাঁর। আদালতের পরবর্তী নির্দেশ না-পাওয়া পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রয়েছে। এর আগের শুনানিতে আদালত জানিয়েছিল, মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টানার দরকার নেই। সেই মামলা আলাদা। পৃথক প্রতিটি মামলাই। একসঙ্গে এমন সুরক্ষাকবচ দেওয়া যায় না। তবে মামলা খারিজ করা হয়নি।