আজ শুভেন্দুর সঙ্গে ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়কদের বৈঠক
বর্তমান | ০৭ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লিতে তৃণমূলের বিদ্রোহী এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকের পর এবার ঋতব্রত তৃণমূলের বিধায়কদের সঙ্গে মিলিত হতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শুক্রবার দুপুর ২টো নাগাদ নবান্নে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দশ বিধায়কের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিরোধী দলনেতার নেতৃত্বে দশজনের প্রতিনিধি দল সময় চেয়েছেন। আজ আসতে বলেছি। তাঁরা কোনো স্মারকলিপি দিলে নেব।
বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেন, মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারোজন যাব। এসআইআর প্রক্রিয়া ও ট্রাইবুনাল নিয়ে কথা হবে। সব জেলায় ট্রাইবুনাল তৈরির দাবি জানাব। যদিও বৈঠক প্রসঙ্গে কুণাল ঘোষের ঠেস, শুধু ছবি তুলতে যাচ্ছেন।
গত মঙ্গলবার সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদারদের সঙ্গে শুভেন্দুর বৈঠকে এলাকার একাধিক বিষয় গুরুত্ব পায়। এবার দেখার, ঋতব্রত-ঘনিষ্ঠদের সঙ্গে বৈঠকে আর কী কী বিষয় উঠে আসে। এই বৈঠকের আগে চড়া সুরে বিজেপিকে আক্রমণ করেছেন আখরুজ্জামান, বিজেপি নেতারা যেভাবে তোলাবাজিতে জড়িয়ে পড়ছেন, তাতে তো ‘ভয় ইন, ভরসা আউট’ হয়ে গিয়েছে! আগামী সপ্তাহে দিল্লিতে গিয়ে একটি সংস্থার আধিকারিকদের সঙ্গে দেখা করে অভিষেক-সম্পর্কিত কিছু তথ্য তুলে দিতে চলেছেন ঋতব্রত। তাঁর বক্তব্য, অনেক অভিযোগ এসেছে। আইনজীবীকে দিয়ে ড্রাফট করা হচ্ছে। বেঙ্গল স্টোরি ও কেরল স্টোরি রয়েছে।