সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ৪৫ অতিথি অধ্যাপককে ছাঁটাই, একাধিক নয়া নিয়োগ
বর্তমান | ০৭ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হঠাৎই পুরনো অতিথি অধ্যাপকদের অর্ধেকের বেশি সংখ্যককে ছাঁটাই করা হয়েছে। তার পরিবর্তে নতুন করে নিয়োগ হয়েছেন একাধিক অতিথি অধ্যাপক। এই ঘটনা ঘিরে বৃহস্পতিবার সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন কাজ হারানো অধ্যাপকরা। উপাচার্য অয়ন ভট্টাচার্যর ছবি হাতে স্লোগান দেন তাঁরা। পুরনো অধ্যাপকদের অভিযোগ, তাঁদের সঙ্গে এদিন উপাচার্য দেখা করার আশ্বাস দিয়েও কথা রাখেননি। অন্যদিকে উচ্চশিক্ষা দপ্তরের নয়া নির্দেশিকার কারণ দেখিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি উপাচার্য।
সূত্রের খবর, অতিথি অধ্যাপক ছিলেন প্রায় ৬০ জন। তার মধ্যে পঁয়তাল্লিশ জনের মতো অধ্যাপককে নির্দিষ্ট কারণ না দেখিয়েই ছাঁটাই করা হয়েছে। পরিবর্তে ৩০ জনের মতো অতিথি অধ্যাপক নিয়োগ করা হয়েছে। এই ছাঁটাই এবং নতুন নিয়োগ অবৈধ বলে দাবি কর্মহীনদের। তাঁদের বক্তব্য, এভাবে দপ্তরের নির্দেশ ছাড়া নতুন নিয়োগ করা যায় না। পুরনো অতিথি অধ্যাপকদের সার্বিকভাবে বরখাস্ত করাও অমানবিক এবং অনৈতিক সিদ্ধান্ত।
প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নিয়োগ নিয়েও অনিয়মের অভিযোগ তুলেছেন এক স্থায়ী সহকারী অধ্যাপক। তিনি বলেন, এগজিকিউটিভ কাউন্সিলে নাম পাশ করিয়ে উচ্চশিক্ষা দপ্তরের ছাড়পত্র নিয়ে অস্থায়ী রেজিস্ট্রার নিয়োগ করতে হয়। তবে বিশ্ববিদ্যালয় এই নিয়ম মানেনি। বরং আগের রেজিস্ট্রারের মেয়াদ বৃদ্ধির চিঠি আসার দিনই অন্য অধ্যাপককে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার অতিথি অধ্যাপকদের উপরও কোপ পড়ল বিশ্ববিদ্যালয়ে। এই বিষয়টি নিয়ে স্বজনপোষণের অভিযোগ তুলছেন চাকরিহারারা। তবে উপাচার্য কথা বলতে না চাওয়ায় এই পদক্ষেপগুলির নেপথ্যের কারণ সম্পর্কে কোনো মতামত পাওয়া সম্ভব হয়নি।