• যাত্রীর শ্লীলতাহানি, এক ঘণ্টাতেই গ্রেপ্তার অভিযুক্ত টোটোচালক
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বৃষ্টির মধ্যে একাই যাত্রী ছিলেন ৩৪ বছর বয়সি এক মহিলা। সেই সুযোগে টোটোচালক নির্জন রাস্তায় নিয়ে গিয়ে তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। কিন্তু, মহিলার প্রতিরোধে কাবু হয়ে যান ওই টোটোচালক। তাঁকে ঘুসি, লাথি মেরে কাবু করেন ওই মহিলা। তারপর অভিযুক্তের ছবি তুলে সোজা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। এক ঘণ্টার মধ্যেই এয়ারপোর্ট থানার পুলিশ অভিযুক্ত টোটোচালককে গ্রেপ্তারও করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত চালকের নাম সিদ্ধিক মোল্লা। তাঁর বাড়ি পোলেরহাট এলাকায়। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়, কলকাতা বিমানবন্দরের কাছে। ওই মহিলা এয়ারপোর্ট থানায় সাইবার প্রতারণার অভিযোগ জানিয়ে বাড়ি ফিরছিলেন। প্রবল বৃষ্টির কারণে তিনি এয়ারপোর্ট হোটেল মোড় থেকে একটি টোটোয় উঠে কৈখালিতে ফিরছিলেন। অভিযোগ, মূল রাস্তা দিয়ে কৈখালিতে না নিয়ে গিয়ে টোটোচালক এয়ার ইন্ডিয়া কোয়ার্টার্সের একটি নির্জন অংশের ভিতর দিয়ে ঘুরপথে তাঁকে নিয়ে যাচ্ছিলেন। টোটোচালক যখন কোয়ার্টার্সের পরিত্যক্ত এলাকায় ঢোকেন, তখন মহিলার সন্দেহ হয়। নির্জন জায়গায় টোটো থামতেই তিনি নেমে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় অভিযুক্ত তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে এবং শ্লীলতাহানি করে। 

    কিন্তু, মহিলা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করেন। ঘুসি ও লাথি মেরে কাবু করে অভিযুক্তকে মাটিতে ফেলে দেন। তারপর অভিযুক্তের ছবি তুলে তিনি সেখান থেকে পালিয়ে ট্রাফিক পুলিশের কর্মীদের কাছে সাহায্য চান। তাঁরা তাঁকে এয়ারপোর্ট থানায় নিয়ে যান। মহিলা ঘটনাটি জানানোর সঙ্গে সঙ্গেই পুলিশ তাঁর তোলা ছবি নিয়ে তদেন্ত নামে। অভিযুক্তের খোঁজ শুরু হয়। সিসি ক্যামেরা খতিয়ে দেখে এক ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়।
  • Link to this news (বর্তমান)