• লক-আপে পিৎজ়ার পাশাপাশি ভালো খাবার এবং আরামদায়ক বিছানার দাবি ধর্ষণে অভিযুক্তর
    এই সময় | ০৭ আগস্ট ২০২৬
  • এক নাবালিকাকে অপহরণের পরে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে নাগপুর এলাকার পুলিশ। অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর ১৯ বছর বয়সি ওই অভিযুক্তের আবদার মেটাতে হিমসিম খাচ্ছে পুলিশ। কারণ লক-আপে পিৎজ়ার পাশাপাশি ভালো খাবার দাবি করেছে সে। সেই সঙ্গেই পুলিশি হেফাজতে বিশেষ সুযোগ-সুবিধা দাবি করছে অভিযুক্ত। আরামদায়ক বিছানাও দাবি করেছে। এরই সঙ্গে লক-আপের স্যাঁতসেঁতে দেওয়াল ও দুর্গন্ধযুক্ত শৌচাগার নিয়েও অভিযোগ তার। এই সমস্ত অভিযোগ এবং দাবি তোলার পাশাপাশি তদন্তে সহযোগিতা করতেও অস্বীকার করেছে সে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

    নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ

    সূত্রের খরব, ইনস্টাগ্রামে ১৬ বছর বয়সি এক নাবালিকার সঙ্গে পরিচয় হয় ওই যুবকের। তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে ১৯ বছর ওই পড়ুয়া। এর পরেই মুম্বইয়ের বাসিন্দা নির্ময় মাধব পাখারে নামে ওই যুবক নাবালিকাকে অপহরণ করার পরে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। হোটেলে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। সেই সঙ্গেই একটি বাড়িতে তাকে আটকে রেখে আরও নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ উঠেছে।

    ভাড়া ঘর থেকে উদ্ধার নাবালিকা

    গত ২ অগস্ট ওই কিশোরীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এর পর তার পরিবার হুদকেশ্বর থানায় যোগাযোগ করে। প্রযুক্তিগত নজরদারি ব্যবহার করে পুলিশ তার অবস্থান চিহ্নিত করে এবং তাকে উদ্ধারের অভিযান চালায়।

    পুলিশ সূত্রে খবর, নাগপুরের দিঘোরি এলাকায় একটি ঘর ভাড়া নিয়েছিল মাধব পাখারে। সেখানেই ওই কিশোরীকে আটকে রাখা হয়েছিল। সোমবার রাত ১১টা নাগাদ পুলিশ ওই ভাড়া করা ঘরের দরজা ভেঙে কিশোরীকে উদ্ধার করে। ওই কিশোরীর হাত -পা বেঁধে বিছানায় ফেলে রাখা হয় বলেও দাবি পুলিশের। ওই কিশোরীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় মাধব পাখারে-কে। তার হাতে একটি বেল্ট ছিল। ওই ঘর থেকেই একটি ধারালো ছুরিও উদ্ধার করে পুলিশ।

    মিথ্যে পরিচয় দিয়ে মাধব ওই নাবালিকার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে বলেও অভিযোগ। কিশোরীর ব্যক্তিগত ছবি নিয়ে তাকে ব্ল্যাকমেল করত ওই অভিযুক্ত বলেও দাবি পুলিশের।

    এদিকে ঘটনা তদন্তে অভিযুক্ত কোনও রকম সহযোগিতা করছে না বলেও সূত্রের খবর। সে তার এবং ওই নাবালিকার মোবাইল ফোনের পাসওয়ার্ডও পুলিশকে দিতে অস্বীকার করে। এরই সঙ্গে লক-আপের পরিবেশ এবং অবস্থা নিয়েও বিস্তর অভিযোগ তার। পুলিশ সূত্রে খবর, সকালে বা ব্রেকফাস্টের সময়ে পিৎজ়া দাবি করে সে। রাতে খাওয়ার সময়ে দামী খাবার এবং ঘুমানোর জন্য আরামদায়ক বিছানারও দাবি তার।

  • Link to this news (এই সময়)