ফ্রেন্ডশিপ ডে-র মতোই আড়ম্বরের সঙ্গে ‘হস্তশিল্প দিবস’ পালনের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁতি ও হস্তশিল্পীদের পরিবারগুলির পাশে দাঁড়াতে হাতে বোনা পণ্য কেনা ও সোশ্যাল মিডিয়ায় তার প্রচারের বার্তাও দিলেন তিনি। ৭ অগস্ট হস্তশিল্প দিবস। তার আগে বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে ভিডিয়ো বার্তায় মোদী বলেন, ‘অন্তত একটা হ্যান্ডলুম প্রোডাক্ট কিনুন।’
৭ অগস্টের বিশেষ তাৎপর্য রয়েছে। ১৯০৫ সালের এই দিনেই স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। সেই কথাও মনে করিয়ে দিয়ে মোদী বলেন, ‘স্বদেশী আন্দোলন গোটা দেশকে এক সুতোয় বেঁধে দিয়েছিল। হয়ে উঠেছিল আত্মনির্ভরতার প্রতীক।’ সেই প্রেক্ষাপটের সঙ্গে তাঁতি এবং তাঁতশিল্পকে মিলিয়ে দিয়ে মোদী বলেন, ‘একটা ছোট ঘরে বসে তাঁতিরা অসাধারণ সুতো আর রেশমি কাপড় বুনে চলেছেন। এই দিনটা তাঁদের সম্মান জানানোর দারুণ সুযোগ।’
এই দিনে প্রত্যেক দেশবাসীকে হ্যান্ডলুম পণ্য কেনার আহ্বান জানিয়েছেন মোদী। তাঁর কথায়, ‘তাঁত বা হাতে বোনা অন্তত একটি প্রোডাক্ট কিনুন।’ শুধু তাই নয়, সেই পণ্যের একটি ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার বার্তাও দেন তিনি। মোদীর কথায়, ‘তা হলে দেশবাসী এই শিল্পেকে সমর্থনের সুযোগ পাবেন।’
‘আত্মনির্ভর ভারত’-এর প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘আত্মনির্ভর ভারত গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আর সেটা তখনই সম্ভব, যখন সমাজের সবচেয়ে সাধারণ ও দরিদ্র পরিবারগুলিও অর্থনৈতিক ভাবে শক্তিশালী হবে।’ তাঁর মতে, সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়লে ভারতীয় তাঁতশিল্পীদের প্রতিভা ও কারুশিল্প বিশ্বের দরবারে আরও বেশি পরিচিতি পাবে।
প্রশ্ন: জাতীয় হ্যান্ডলুম দিবস কবে?
উত্তর: প্রতি বছর ৭ অগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস পালিত হয়।
প্রশ্ন: হ্যান্ডলুম দিবস নিয়ে প্রধানমন্ত্রী কী বার্তা দিয়েছেন?
উত্তর: ফ্রেন্ডশিপ ডে-র মতোই উৎসাহের সঙ্গে দিনটি পালন করতে এবং তাঁতশিল্পীদের সমর্থন করতে আহ্বান জানিয়েছেন।
প্রশ্ন: দেশবাসীর কাছে কী আবেদন করেছেন মোদী?
উত্তর: অন্তত একটি হাতে বোনা (হ্যান্ডলুম) পণ্য কিনতে এবং তার প্রচারে এগিয়ে আসতে বলেছেন।
প্রশ্ন: সোশ্যাল মিডিয়া নিয়ে কী পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী?
উত্তর: কেনা হ্যান্ডলুম পণ্যের ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে বলেছেন, যাতে অন্যরাও এই শিল্পকে সমর্থন করতে উৎসাহিত হন।
প্রশ্ন: ৭ অগস্টের ঐতিহাসিক গুরুত্ব কী?
উত্তর: ১৯০৫ সালের ৭ অগস্ট স্বদেশী আন্দোলনের সূচনা হয়েছিল, যা আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছিল।