সুজয় মুখোপাধ্যায়
পাচারের সময়ে গরু বাজেয়াপ্ত করেছিল হুগলির পান্ডুয়া থানার পুলিশ। আদালতের নির্দেশে সেই ১৫টি গরু ঝাড়খণ্ডের গোশালায় পাঠানোর ব্যবস্থা করল পুলিশ।
গাড়ি থেকে উদ্ধার গরু
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে খন্যানের জিটি রোড সংলগ্ন এলাকা থেকে একটি গরু বোঝাই পিক-আপ ভ্যান আটক করে পুলিশ। ওই গাড়ি থেকে উদ্ধার হয় ৯টি গরু। গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। এর পরে গত শুক্রবার রাতে ফের পান্ডুয়ার রোশনা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আরও একটি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় আরও ৬টি গরু। গ্রেপ্তার করা হয় আরও দু’জনকে। ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়।
থানায় গরু
উদ্ধার হওয়া মোট ১৫টি গরুকে রাখা হয়েছিল পান্ডুয়া থানার তত্ত্বাবধানে। থানাতেই চলছিল তাদের খাওয়া-দাওয়া ও প্রাথমিক চিকিৎসা পরিচর্যা। কিন্তু থানায় গরু রাখার মতো বড় খোয়াড় নেই। সেগুলিকে রাখার সমস্যা হচ্ছিল। পাশাপাশি গরুগুলিকে খাওয়ানোর জন্যও খরচও হচ্ছিল। সেই সঙ্গেই গরুগুলির যত্ন এবং দেখভাল করার সমস্যাও দেখা দেয় বলে জানিয়েছেন আধিকারিকরা।
গোশালায় স্থানান্তরের আবেদন
এই পরিস্থিতিতে গরুগুলিকে কোনও গোশালায় স্থানান্তরের জন্য আদালতে আবেদন জানায় পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করে।
গুগল সার্চ করে ঠিকানা
এরপর পুলিশ গুগল সার্চ করে ঝাড়খণ্ডের সিংভূমের চাকুলিয়ায় ‘ধ্যান ফাউন্ডেশন গোশালা ’র খোঁজ পায়। চুঁচুড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশ মেনে বৃহস্পতিবার লরি বোঝাই করে গরুগুলিকে নিয়ে যাওয়া হয় চাকুলিয়ায় অবস্থিত গোশালায়। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই বৃহস্পতিবার ওই গোশালায় পাঠানো হয়েছে গরুগুলিকে। এখন থেকে গরুগুলির ঠিকানা হবে ওই গোশালা।
FAQ
কোথা থেকে উদ্ধার হয় গরু?
হুগলির পান্ডুয়া থানা এলাকা থেকে উদ্ধার হয় ১৫টি গরু।
ওই গরুগুলিকে কী করা হচ্ছিল?
পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে।
বাজেয়াপ্ত করার পরে কী হয়?
ওই গরুগুলিকে থানায় নিয়ে যায় পুলিশ।
সেখানে কী সমস্যা হয়?
গরু রাখা ছাড়াও খাওয়ানো এবং পরিচর্চা করা নিয়ে সমস্যায় পড়ে পুলিশ।
আদালতে কী আবেদন করা হয়?
গরুগুলিকে কোনও গোশালায় স্থানান্তরের জন্য আদালতে আবেদন জানায় পুলিশ।
কী ভাবে গোশালার খোঁজ পায় পুলিশ?
গুগল সার্চ করে গোশালার খোঁজ পাওয়া যায়।
কী জানিয়েছে আদালত?
গরুগুলিকে ঝাড়খণ্ডের সিংভূমের চাকুলিয়ায় পাঠানোর ব্যবস্থা করতে নির্দেশ দেয় চুঁচুড়ার আদালত।