এই সময়: আইসিডিএস সুপারভাইজার নিয়োগে আগের নির্দেশ অমান্যের অভিযোগে রাজ্যের তিন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, আইসিডিএস-এর প্রজেক্ট ডিরেক্টর এবং পাবলিক সার্ভিস কমিশনের সচিবকে নোটিস পাঠানোর নির্দেশ দেয়। পরবর্তী শুনানি হবে ১০ সেপ্টেম্বর।
আদালতের আগের নির্দেশ ছিল, কেন্দ্রের ২০১৫–র নীতি অনুযায়ী মোট শূন্যপদের ৫০ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগে পূরণ করতে হবে। মামলাকারীদের অভিযোগ, ১৭১৩টি পদ পদোন্নতির মাধ্যমে পূরণের নির্দেশ থাকলেও মাত্র ৪০৯ জন অঙ্গনওয়াড়ি কর্মীকে নিয়োগ করা হয়েছে। বাকি পদ সরাসরি নিয়োগে পূরণ করা হয়েছে।
শুনানিতে মামলাকারীদের আইনজীবী আশিসকুমার চৌধুরী দাবি করেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহু অঙ্গনওয়াড়ি কর্মীকে বৈধ পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে এবং আদালতের নির্দেশ ইচ্ছাকৃত ভাবে অমান্য করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারির নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।