জোড়া ঘূর্ণাবর্তের জেরে টানা চলবে ঝড়বৃষ্টি, দিনভর কোন কোন জেলায় দুর্যোগের অ্যালার্ট?
আজ তক | ০৭ আগস্ট ২০২৬
গত কয়েক দিন ধরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে চলছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া আর ঘনঘন বজ্রপাত। সপ্তাহের বাকি কয়েকটা দিন এই পরিস্থিতির খুব একটা বদল হচ্ছে না, এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নেপথ্যে, সক্রিয় ঘূর্ণাবর্ত।
আগামী রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গেই। আলিপুর আবহাওয়া দফতরের লেটেস্ট বুলেটিন জানাচ্ছে, সপ্তাহের বাকি ৩টে দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কখনও ঝিরঝিরে তো কখনও আবার মুষলধারে বৃষ্টি পড়বে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিকে, উত্তরবঙ্গে সপ্তাহান্তে বাড়বে বৃষ্টির পরিমাণ।
উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ০.৯ কিলোমিটার। পাশাপাশি বর্ষাকালীন অক্ষরেখা এখন দিঘার উপর দিয়ে দক্ষিণ পূর্বে চলে গিয়েছে। এই ওয়েদার সিস্টেমগুলির প্রভাবেই আগামী ৩ দিন রাজ্যের বিভিন্ন জেলায় হতে পারে ভারী বৃষ্টি।
কোন কোন জেলায় অ্যালার্ট?
শুক্রবার হলুদ সতর্কতা জারি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। শনিবার হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। ৩০ থেকে ৪০ কিমি গতিতে বইবে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গে কোথায় কবে বৃষ্টি?
শুক্রবার দুই দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। জারি হলুদ সতর্কতা। শনিবার একই পরিস্থিতি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙে। রবিবার বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে। সোমবার থেকে উত্তরবঙ্গেও কমবে বৃষ্টিপাত।
কলকাতার আবহাওয়া
দিনভর মেঘলাই থাকবে কলকাতার আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতও হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯০ শতাংশ।