কাজে যাওয়ার পথে দুই লরির মুখোমুখি সংঘর্ষ! ইটাহারে মৃত্যু ৩ শ্রমিকের, জখম কমপক্ষে ১২ জন
প্রতিদিন | ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে কাজে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩। জখম হয়েছেন কমপক্ষে ১২ জন শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইটাহারের ১২ নং জাতীয় সড়কের বালিয়াপাড়ায়। মৃত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।
জানা গিয়েছে, দুর্গাপুর পঞ্চায়েতের সাদাপুর, চান্দল-সহ পাঁচ গ্রামের অন্তত তিরিশজন শ্রমিক প্রতিদিনের মতোই শুক্রবার সকালেও লরি করে বালিয়াপাড়ায় কাজে যাচ্ছিলেন। লেবার বাজার এলাকার ঘটে ভয়ংকর দুর্ঘটনা। উলটোদিক থেকে আসা একটি ১০ চাকার লরি মুখোমুখি ধাক্কা দেয় শ্রমিকদের লরিতে। দুমড়ে-মুচড়ে যায় লরিটি। ১২ নম্বর জাতীয় সড়কের উপর ছিটকে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলা শ্রমিকের। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
তবে জখমদের ইটাহার ব্লক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরবর্তীতে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে রেফারের সময় মৃত্যু হয় আরেক শ্রমিকের। মৃতদের নাম ছেপো বর্মন (৪৫), কলকা মার্ডি (৪২) এবং টেপো মার্ডি (৩৬)। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘাতক লরিকে আটক করলেও চালক পলাতক। লরিটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, চালক মদ্যপ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনা প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, “মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।”