• আরজি কর: তদন্তের কী অগ্রগতি, ২৮ অগস্ট কোর্টে জানাবে CBI
    এই সময় | ০৭ আগস্ট ২০২৬
  • এই সময়: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক–ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার নতুন করে শুরু হওয়া তদন্তে কী কী অগ্রগতি হয়েছে, সিবিআইকে তা জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ বেঞ্চ জানিয়েছে, পরবর্তী শুনানির দিন, ২৮ অগস্ট সিবিআইকে সেটা জানাতে হবে। একই সঙ্গে হাইকোর্ট এ দিন জানিয়ে দেয়, নতুন বিশেষ তদন্তকারী দলের (‘সিট’) উপর আদালত অযথা চাপ সৃষ্টি করতে চাইছে না।

    এ দিন মামলার শুনানিতে নির্যাতিতার পরিবারের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহ রায় জানান, তদন্তে সহায়তার জন্য হাইকোর্টে জমা পড়া তিনটি হলফনামা সিবিআইকে দেওয়া হয়েছে। ফরেনসিক এক্সপার্ট অজয় কুমার গুপ্তর দেওয়া মেডিক্যাল রিপোর্টে উল্লেখ করা ১৯টি ত্রুটিও তদন্তে বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছে। আইনজীবীদের দাবি, আদালতের আগের নির্দেশ অনুযায়ী, ঘটনার আগে তরুণী চিকিৎসকের ডিনার করা থেকে তাঁর দেহ দাহ হওয়া পর্যন্ত গোটা ঘটনাপ্রবাহ খতিয়ে দেখা উচিত। সেই রাতে ওই তরুণীর সঙ্গে যাঁরা খাবার খেয়েছিলেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আইনজীবীদের বক্তব্য।

    সিবিআইয়ের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী জানিয়েছেন, ৮ জুলাই নতুন ‘সিট’ দায়িত্ব নেওয়ার পরে নিহত তরুণীর মা–বাবার বক্তব্য রেকর্ড করে সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী, একাধিক চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্য কয়েক জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সে সবের ভিডিয়োগ্রাফিও করা হয়েছে।

    তখন বিচারপতি সরকার বলেন, ‘আদালত পুরোনো রিপোর্ট নয়, নতুন তদন্তে কী কী উঠে এসেছে, সেটাই জানতে চায়।’ বিচারপতি ঘোষও স্পষ্ট করে দেন, ‘আমরা তদন্ত করব না, তদন্তের তত্ত্বাবধান করব। তবে কী লিড পাওয়া যাচ্ছে, আদালত তা জানতে চায়।’

  • Link to this news (এই সময়)