• সীমানায় ‘মিশন আকাশ’ অভিযান শুরু, মাওবাদী নেতার মাথার দাম কোটি টাকা, জঙ্গলে তল্লাশি
    এই সময় | ০৭ আগস্ট ২০২৬
  • এই সময়, পুরুলিয়া: ঝাড়খণ্ডের দলমা রেঞ্জের গভীর জঙ্গলে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। তার জেরে পুরুলিয়ার বান্দোয়ান সীমানা লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছেন সিপিআই মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য, বঙ্গ ব্রিগেডের শীর্ষনেতা অসীম মণ্ডল ওরফে আকাশ। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরে বৃহস্পতিবার থেকে বান্দোয়ানের জঙ্গল ঘেরা গ্রামগুলিতে জোরদার তল্লাশি শুরু করল যৌথ বাহিনী।

    পুলিশ সূত্রের খবর, অসীম মণ্ডলের নাগাল পেতে বান্দোয়ানের ঝাড়খণ্ড সীমানা লাগোয়া গ্রাম ও জঙ্গলে অভিযানে নেমেছে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স এবং স্ট্র্যাকো বাহিনী। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়া রেঞ্জের ডিআইজি অভিষেক মোদী এলাকা ঘুরে দেখেন এবং কুচিয়া পুলিশ ক্যাম্পে জওয়ানদের সঙ্গে কথা বলেন। উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ। তিনি নিজেও সীমানা লাগোয়া আসনপানি ও ঠরকাদহ গ্রামে অভিযানে সামিল হন।

    সম্প্রতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রক মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলির ডিজি-দের সঙ্গে বৈঠকে টেকনিক্যাল ও ম্যানুয়াল সোর্স ব্যবহার করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশকে নকশালমুক্ত করার নির্দেশ দেয়। তার পরেই দুই রাজ্যের পুলিশ মরিয়া হয়ে ওঠে এক কোটি টাকা মাথার দাম ঘোষিত মোস্ট ওয়ান্টেড অসীম মণ্ডলের খোঁজে। এই অভিযানের অলিখিত নাম দেওয়া হয়েছে 'মিশন আকাশ'।

    গোয়েন্দা সূত্রের খবর, সম্প্রতি ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসওয়া থেকে সাগর সিং ওরফে বীরেন, মদন মাহাতো ওরফে শঙ্কর এবং মীরা পাহাড়িয়া ওরফে মিনাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি ইনসাস রাইফেল, একটি একে-৪৭, একটি পিস্তল, কোডেক্স ওয়ার এবং ২৫০ রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জেরা করেই জানা যায়, অভিযানের মুখে পড়ে আকাশ-সহ ছ'জন সদস্য বর্তমানে এই অঞ্চলের জঙ্গলে আত্মগোপন করে রয়েছেন। আকাশের সঙ্গে দলে রয়েছেন রামপ্রসাদ মান্ডি ওরফে শচিন, তাঁর স্ত্রী মিতা, জবা, মালতী এবং সমীর সরেন।

    উল্লেখ্য, ধৃত মাওবাদী নেতাদের বিরুদ্ধে বাংলা ও ঝাড়খণ্ডে একাধিক গুরুতর নাশকতার মামলা রয়েছে। মদন মাহাতোর বিরুদ্ধে শিলদা ইএফআর ক্যাম্পে হামলা, কাঁকড়াঝোড়ে ল্যান্ডমাইন বিস্ফোরণ, সাংসদ সুনীল মাহাতো হত্যাকাণ্ড সমেত ৪১টি মামলা রয়েছে, যাতে সবমিলিয়ে ৬২ জন নিরাপত্তা কর্মীর মৃত্যুর অভিযোগ রয়েছে। বীরেনের বিরুদ্ধে কুকরু বাজারে নকশাল হানা সমেত ৪৩টি এবং মীরার বিরুদ্ধে ১৮টি নাশকতার মামলা রয়েছে।

  • Link to this news (এই সময়)