• বিদেশযাত্রার মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট, চ্যালেঞ্জ করে এ বার সুপ্রিম কোর্টে অভিষেক
    এই সময় | ০৭ আগস্ট ২০২৬
  • চোখের চিকিৎসা করাতে বিদেশে যেতে চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছিলেন, তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। আগামী সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

    গত বুধবারের শুনানিতে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আদালত চিকিৎসার বিষয়ে বিশেষজ্ঞ নয়। তাই অভিষেককে এসএসকেএম হাসপাতালের চক্ষুরোগ বিভাগের বিশেষজ্ঞ বোর্ডের সামনে হাজিরা দিতে হবে। বোর্ড সব কিছু খতিয়ে দেখে শুক্রবার রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে আদালত বিদেশযাত্রার অনুমতির ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কিন্তু অভিষেকের আইনজীবী আদালতেই জানিয়ে দেন, তাঁর মক্কেল এসএসকেএম-এর চক্ষুরোগ বিশেষজ্ঞদের সামনে হাজির হতে ইচ্ছুক নন। তার পরেই বিদেশযাত্রার আর্জি বাতিল করে দেন বিচারপতি।

    রাজ্যে পালাবদলের পরে অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তার মধ্যে ভোটের প্রচার চলাকালীন হুমকি ও উস্কানিমূলক মন্তব্য নিয়ে মামলাও রয়েছে। সেই মামলায় উচ্চ আদালত অভিষেককে রক্ষাকবচ দিলেও জানিয়ে দিয়েছিল, বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে। ঘটনাচক্রে, তার পরেই চিকিৎসার কারণে বিদেশ যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক। তার প্রেক্ষিতে বিচারপতি ভট্টাচার্য চিকিৎসার জন্য বিদেশযাত্রার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন অভিষেক। শীর্ষ আদালত মামলাটি হাইকোর্টেই ফিরিয়ে দেয়। সুপ্রিম কোর্ট বলে যে, এক সপ্তাহের মধ্যেই শুনানি করতে হবে। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেওয়ার পরের দিনই হাইকোর্টে মামলাটি ওঠে।

  • Link to this news (এই সময়)