• ট্রেনে কাটা পড়লেন হুগলির রেল অফিসার, ‘উপরমহল মানসিক চাপ দিত’, দাবি সহকর্মীদের
    এই সময় | ০৭ আগস্ট ২০২৬
  • ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো রেলের এক অফিসারের। মৃতের নাম কমল সেনাপতি (৫৩)। তিনি রেলের পাবলিক ওয়ার্কস বিভাগের সিনিয়র ইঞ্জিনিয়ার পদে হুগলি স্টেশনে কর্মরত ছিলেন। সহকর্মীদের একাংশের দাবি, কাজের চাপে মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন কমল। সেই কারণে তিনি আত্মহত্যা করেছেন, নাকি দুর্ঘটনাবশত তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

    সূত্রের খবর, শুক্রবার চন্দননগরে যাওয়ার কথা ছিল কমলের। সেই মতো তিনি সকাল ৮টা নাগাদ হুগলির বাড়ি থেকে বেরোন। তার পরেই হুগলি স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ব্যান্ডেল জিআরপি ঘটনাস্থলে গিয়ে কমলের দেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, হুগলি স্টেশনের তিন নম্বর লাইনের ট্রেনে কাটা পড়েছেন কমল। এতেই সহকর্মীদের মনে কিছু প্রশ্ন জেগেছে। তাঁদের বক্তব্য, চন্দননগরে যেতে হলে ডাউন লাইনের প্ল্যাটফর্মে থাকার কথা ছিল কমলের। কিন্তু আপ লাইনের ট্রেনে তিনি কাটা পড়লেন কী ভাবে? এই কারণেই সহকর্মীদের একাংশের দাবি, কমল আত্মহত্যা করে থাকতে পারেন।

    রেল কর্মীদের একাংশের অভিযোগ, উপরমহল কর্মীদের উপরে কাজের বোঝা চাপিয়েই যাচ্ছে। ছুটি নেই। প্রায় ২৪ ঘণ্টাই ডিউটি করতে বাধ্য করা হচ্ছে কর্মীদের। কমলকেও গত কয়েক দিন ধরে মানসিক চাপ দেওয়া হয়েছে। সাসপেন্ড করারও হুমকি দেওয়া হয়েছে তাঁকে। এই বিষয়টি ইতিমধ্যেই ডিআরএম-কে জানানো হয়েছে। সুরাহা না হলে আগামী দিনে কর্মীরা আন্দোলনে নামবেন বলে জানিয়েছে রেলকর্মীদের সংগঠন।

    যদিও ব্যান্ডেল জিআরপি সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। পূর্ব রেলের এক আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা বাড়ির লোকের সঙ্গে কথা বলব। তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি আমরা।’

  • Link to this news (এই সময়)