কর্তব্যরত অবস্থায় চরম পদক্ষেপ! এক বছরে কত সিআরপিএফ জওয়ান আত্মঘাতী? প্রকাশ্যে রিপোর্ট
প্রতিদিন | ০৭ আগস্ট ২০২৬
কর্তব্যরত অবস্থায় আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে আধাসেনায়। বিগত কয়েক বছরের মধ্যে ২০২৫ সালে আত্মঘাতী জওয়ানের (CRPF Jawans) সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই হাড়হিম তথ্য। যেখানে দেখা যাচ্ছে, ২০২৫ সালে ৫৯ জন সিআরপিএফ জওয়ান আত্মহত্যা করেছেন। গত ৫ বছরের মধ্যে যা সর্বাধিক। আত্মঘাতী জওয়ানদের মধ্যে ৮০ শতাংশের বেশি কনস্টেবল র্যাঙ্কের।
যে রিপোর্ট সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ২০২১ সাল থেকে ২০২৫ সালের মধ্যে মোট ২৬২ জন জওয়ান আত্মঘাতী হয়েছেন। এর মধ্যে ২০২ জন (৭৭ শতাংশের বেশি) আত্মহত্যা করেন কর্তব্যরত অবস্থায়। বাকিরা ছুটিতে থাকাকালীন আত্মহত্যা করেন। আত্মহত্যার বেশিরভাগ ঘটনার ক্ষেত্রে দেখা গিয়েছে, মূল কারণ পারিবারিক ও ঘরোয়া সমস্যা। দায়িত্বের চাপ, নিয়মের কড়াকড়ি এবং পারিবারিক সমস্যা জওয়ানদের মানসিক স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলছে। যার জেরেই এই ঘটনা বাড়ছে। ইতিমধ্যেই সেনা জওয়ানদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে বেশকিছু পদক্ষেপ করা হচ্ছে।
রিপোর্টে দাবি করা হয়েছে, গত ৫ বছর এবং ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত মোট ২৮১ জন আত্মঘাতী হয়েছেন। এর মধ্যে ২০২৬ সালে ১৯ জন আত্মঘাতী হন। সব মিলিয়ে ২৮১ জনের মধ্যে ২৩৭ জন নন গেজেটেড পদমর্যাদার। ২০২১ সালে আত্মহত্যা করেন ৫৭ জন, ২০২২ সালে ৪৩ জন, ২০২৩ সালে ৫৭ জন, ২০২৪ সালে ৪৬ জন এবং ২০২৫ সালে ৫৯ জন। আত্মঘাতী জওয়ানদের মধ্যে ১২৮ জন গলায় দরি দিয়ে, ১১৮ জন গুলি করে, ১২ জন বিষ খেয়ে, দুটি ক্ষেত্রে ট্রেনে ঝাঁপ ও হাতের শিরা কেটে আত্মহত্যার ঘটনা ঘটে।
উল্লেখ্য, প্রায় ৩.২৫ লক্ষ সদস্য নিয়ে গঠিত সিআরপিএফ দেশের প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী। আধিকারিকদের মতে, এই বাহিনীর প্রায় ৯৫ থেকে ৯৭শতাংশ সদস্য সন্ত্রাসবাদ ও জঙ্গিদের মোকাবিলা করতে অথবা আইন-শৃঙ্খলার দায়িত্ব পালনে মোতায়েন থাকেন। সেখানে আত্মহত্যার ঘটনা বাড়তে থাকা নিশ্চিতভাবে উদ্বেগের।