• ‘শের আয়া’, ‘কলঙ্কমুক্ত’ ব্রিজভূষণকে পুষ্পবৃষ্টি-আতশবাজিতে স্বাগত জানাল অযোধ্যা, ভিডিও ভাইরাল
    প্রতিদিন | ০৭ আগস্ট ২০২৬
  • যৌন হেনস্তার মামলায় বেকসুর খালাস পেয়েছেন। তারপর ব্রিজভূষণ শরণ সিংকে ‘বীরের মর্যাদা’য় বরণ করে নিল অযোধ্যা। দিনকয়েক আগেই দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট জানিয়ে দিয়েছে, প্রমাণের অভাবে ব্রিজভূষণকে বেকসুর খালাস করা হল। তারপর প্রথমবার অযোধ্যায় পা রেখেছেন প্রাক্তন বিজেপি সাংসদ। বিমানবন্দরে তাঁকে ঢাকঢোল বাজিয়ে স্বাগত জানানো হয়। তারপর হুডখোলা গাড়িতে চেপে বের হন তিনি। ‘শের আয়া’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রোড শো। 

    ২০২৩ সালে ভারতের কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন ৬ মহিলা কুস্তিগির। লাল কেল্লার সামনে বসে বিচার চেয়ে ধরনা শুরু করেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। এমনকী ধরনাস্থল থেকেই অলিম্পিকের প্রস্তুতি শুরু করেন ভিনেশ ফোগাট। ফাইনালেও ওঠেন। চলতি বছর মে মাসে ভিনেশ ঘোষণা করেন, যে ৬ জন মহিলা কুস্তিগির ব্রিজভূষণের যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তাঁদের মধ্যে তিনি নিজেও রয়েছেন। প্রকাশ্যে এমন ঘোষণার পরেও প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি আদালত।

    আদালত জানিয়েছে, মামলায় যে প্রমাণ ও সাক্ষ্য দেওয়া হয়েছে, তা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি। তাই ব্রিজভূষণ ও বিনোদ তোমর, দু’জনকেই বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালত চত্বরেই স্বস্তির সুরে ব্রিজভূষণ বলেন, “আদালত আমাকে খালাস দিয়েছে। আমি সেদিন বলেছিলাম, দোষী প্রমাণিত হলে আমি আত্মহত্যা করব। আজ খালাস পেয়ে আমি মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছি।”

    কলঙ্কমুক্ত হয়ে প্রথমবার অযোধ্যায় পা রেখেছেন। সেখান থেকে হুডখোলা গাড়িতে চেপে গোন্ডায় রওনা দেন। পথে ভিড় জমান প্রচুর মানুষ। আতশবাজি, পুষ্পবৃষ্টির মাঝেই ব্রিজভূষণকে দেখে তাঁরা স্লোগান দেন ‘শের আয়া’। শয়ে শয়ে মানুষ ভিড় জমিয়েছিলেন ব্রিজভূষণের রোড শো’য়ে। পথে হনুমানগড়ি মন্দিরের বাইরে থেকেই প্রার্থনা করেন তিনি। সেখান থেকে যোগ দেন সত্যমেব জয়তে র‍্যালিতে। গোটা সময় ব্রিজভূষণের সঙ্গী ছিলেন তাঁর পুত্র তথা বিজেপি সাংসদ করণভূষণ। তাঁর কথায়, ব্রিজভূষণ খালাস পাওয়া সত্যের জয় হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)