• বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়াতে বড় পদক্ষেপ, সার্কুলার জারি স্বাস্থ্যদপ্তরের
    প্রতিদিন | ০৭ আগস্ট ২০২৬
  • বঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়াতে নতুন সার্কুলার জারি স্বাস্থ্যদপ্তরের। যেখানে বলা হয়েছে, এবার থেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবা, পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য প্রশাসনিক পরিষেবা ও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা পরিষেবার আওতাভুক্ত ৬৬২ জন আধিকারিককে ট্রেনি রিজার্ভ হিসাবে রাখা যেতে পারে।

    সূত্রের খবর, গত বছর এই সংখ্যা ছিল চারশোর মতো। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে ডা. রাজীব পাণ্ডে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্যদপ্তরের এই সিদ্ধান্তে। কারা এই ট্রেনি রিজার্ভ? ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস অথবা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এডুকেশন সার্ভিসের যে সমস্ত আধিকারিককে উচ্চতর প্রশিক্ষণ অথবা অতিরিক্ত ডিগ্রি লাভের জন্য সরকার ছুটি মঞ্জুর করে তারাই ট্রেনি রিজার্ভ।

    অর্থাৎ সে সময় তারা চাকরিতে বহাল থাকেন কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য কর্মস্থলে না এসে উচ্চতর ডিগ্রি লাভের জন্য প্রশিক্ষণ নেন। সেই সময় তাঁদের পদটি ট্রেনি রিজার্ভ হিসাবে গণ্য হয়। আগে ৪০০ জন মতো ট্রেনি রিজার্ভ হিসেবে রাখা যেত। এবার সেই সংখ্যা বাড়ানোয় খুশি চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে চিকিৎসকরা জানিয়েছেন, এবার থেকে অনেক বেশি চিকিৎসক উচ্চশিক্ষার সুযোগ পাবেন। আগে যদি ট্রেনি রিজার্ভের সীমা পূর্ণ হয়ে যেত তা হলে যোগ্য হয়েও অনেক চিকিৎসক এমডি অথবা এমএস কোর্সে যেতে পারতেন না। এবার অনেক বেশি চিকিৎসক এমডি এমএস অথবা উচ্চতর শিক্ষা অর্জন করার জন্য ছুটি নিতে পারবেন। এর ফলে বঙ্গে বাড়বে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা। ভবিষ্যৎ পরিষেবার মান আরও উন্নত হবে। ট্রেনি রিজার্ভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাংলায় পোস্ট গ্র্যাজুয়েট আসন নষ্ট হওয়ার সম্ভাবনাও কমবে।
  • Link to this news (প্রতিদিন)