• MDR-এর ভার কার ঘাড়ে? UPI-খরচের উদ্বেগ নিয়ে জবাব নির্মলার
    এই সময় | ০৮ আগস্ট ২০২৬
  • ইউপিআই সংক্রান্ত বিল তথা পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস (অ্যামেন্ডমেন্ট) বিল পাশ হলো লোকসভায়। UPI লেনদেনের উপর ব্যাঙ্ক ও অন্য অ-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলি যাতে লেভি চার্জ করতে পারে, সেই অনুমতি দেওয়ার ক্ষেত্রে একধাপ এগোল সরকার। এর পরে এই বিল রাজ্যসভায় পাশ হয়ে রাষ্ট্রপতি অনুমতি পেলে, তারপরে আইনে পরিণত হবে।

    ২০০৭ সালের লেনদেন সংক্রান্ত আইনের সংশোধনী আনতে বিল আনা হয়েছিল বৃহস্পতিবার। সেটাই পাশ হয়েছে লোকসভায়। বিষয়টি নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকার। বিরোধীদের অভিযোগ, UPI লেনদেনের উপর মাসুল (MDR) চাপিয়ে আমজনতার উপরে চাপ তৈরি করতে চাইছে বিজেপি সরকার।

    ২০০০ টাকার উপর UPI লেনদেনে MDR (মার্চেন্ট ডিসকাউন্ট রেট) চালুর একটা ভাবনা রয়েছে। অর্থাৎ ব্যাঙ্ক ও অ-ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলি ব্যবসায়িক সংস্থাগুলির থেকে নির্দিষ্ট ফি নিতে পারে পেমেন্ট বা লেনদেনের জন্য। কেন্দ্রীয় সরকারের দাবি, MDR যদি চালু হয়, সেটা একেবারেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য হবে। আমজনতা বা ব্যক্তি থেকে ব্যক্তির UPI লেনদেনের উপর এই চার্জ বসবে না। যদিও বিরোধীদের অভিযোগ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর যদি MDR চাপে তাহলে সেটা শেষ পর্যন্ত আমজনতার ঘাড়ে এসেই চাপবে।

    কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বিষয়টি নিয়ে X হ্যান্ডলে পোস্ট করেছিলেন। সেখানে তাঁর অভিযোগ, এই সংশোধনীর ফলে UPI লেনদেন আর বিনামূল্যে থাকবে না। MDR চালু করার পথ প্রশস্ত করা হলো। ভবিষ্যতে সহজেই যে কোনও ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এটা চালু হতে পারে। এর বোঝা আমজনতার উপর পড়বে। জয়রাম রমেশের অভিযোগ ছিল, UPI-কে আর্থিকভাবে সাসটেইনেবল রাখার যে দাবি মোদী সরকার করছে তা একেবারে ভুল। RBI-এর যথেষ্ঠ ক্ষমতা রয়েছে, যাতে কোনও অতিরিক্ত ফি ধার্য না করেই UPI ব্যবস্থা চালিয়ে নেওয়া যায়।

    কংগ্রেস সাংসদের গোটা অভিযোগ ধূলিসাৎ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি স্পষ্ট জানিয়েছেন, MDR শুধুমাত্র ব্যবসায়ীদের উপর বর্তাবে। কোনও সাধারণ গ্রাহকের উপর বর্তাবে না। ব্যাঙ্ক ও ফিনটেক সংস্থাগুলি যাতে পরিকাঠামো, নিরাপত্তা ও উদ্ভাবনের জন্য আরও বিনিয়োগ করতে পারে, সেই কারণেই এই পদক্ষেপ। MDR নিয়ে যে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি, সেটাও স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। UPI এবং NPCI-এর নেতৃত্বাধীন সার্ভিসেস স্টিয়ারিং কমিটি এখনও সিদ্ধান্ত নেয়নি। সংসদ এই বিল পাশ করার করে তারা সেই সিদ্ধান্ত নেবে।

    এখন UPI -এর মাধ্যমে লেনদেনে কোনও অতিরিক্ত চার্জ লাগে না। এই আইন সংশোধনীর মাধ্যমে Zero-MDR ফ্রেমওয়ার্ককে পরিবর্তন করতে পারবে সরকার। ব্যাঙ্ক বা পেমেন্ট সিস্টেম প্রোভাইডারেরা UPI ও Rupay Debit কার্ডের মাধ্যমে লেনদেনের জন্য কোনও চার্জ করতে পারে না।

    ২০০০ টাকার উপর লেনদেনের ক্ষেত্রে ০.২৫% থেকে ০.৪০% MDR বসতে পারে। তবে সেটা শুধুমাত্র ব্যবসায়ী ও বিক্রেতাদের জন্য নির্দিষ্ট হবে। তবে এখনও MDR নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে MDR- বদলানোর পথ শুধু প্রশস্ত করা হয়েছে এই বিলের মাধ্যমে।

  • Link to this news (এই সময়)