একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ম্যানেজারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে। বুনিয়াদপুরের ৩ নম্বর ওয়ার্ডের শ্যামাপল্লি এলাকার ঘটনা। মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্ত্রীর মানসিক অত্যাচারের জেরেই আত্মঘাতী হয়েছেন রাজু কুমার দাস (৩৯)। যদিও মৃতের স্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন। গোটা ঘটনার তদন্ত করেছে পুলিশ।
রাজু কুমার দাস উত্তর দিনাজপুর জেলার কিষাণগঞ্জ-খাগড়া এলাকার বাসিন্দা। বুনিয়াদপুর শহরের একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। প্রায় দেড় বছর ধরে স্ত্রী, দুই শিশু সন্তান ও মাকে নিয়ে শ্যামাপল্লি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
মৃতের পরিবারের অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত। রাজুর মাকেও ঠিকমতো খেতে দেওয়া হতো না এবং তাঁকে একাধিকবার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। মৃতের দিদি সীমা ঘোষের অভিযোগ, ‘ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে এসে দেখি হাসপাতালে পড়ে রয়েছে। আমাদের সন্দেহ, ভাইকে মেরে পরে গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে ওঁর স্ত্রী জড়িত রয়েছে।’
নিহতের আরও এক আত্মীয় লাল্টু সিংয়ের অভিযোগ, ‘ভাইয়ের স্ত্রীর অত্যাচারের বিষয়টি নিয়ে আমরা অন্তত ২৫ বার মীমাংসার চেষ্টা করেছি। কোনও সমাধান হয়নি। আমরা অভিযোগ দায়ের করব।’
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যাঙ্ক ম্যানেজারের স্ত্রী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।