• মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা, পরিষেবা ব্যাহত ব্লু লাইনে
    আজ তক | ০৮ আগস্ট ২০২৬
  • Kolkata Metro news: কলকাতা মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা। শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের আপ লাইনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর। এই ঘটনার পরই নিরাপত্তার স্বার্থে মেট্রো পরিষেবায় বড় পরিবর্তন আনা হয়েছে। এর জেরে অফিসফেরত যাত্রীদের একাংশকে সমস্যায় পড়তে হচ্ছে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৭টা ৫৭ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনের আপ লাইনে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রেলকর্মী ও নিরাপত্তারক্ষীরা উদ্ধারকাজ শুরু করেন। একই সঙ্গে স্টেশনে ট্রেন চলাচলে সাময়িক পরিবর্তন আনা হয়, যাতে উদ্ধারকাজে কোনও বাধা না আসে।

    এই ঘটনার পর আপ ও ডাউন; দুই দিকেই ময়দান থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত আংশিক পরিষেবা (Truncated Service) চালু করা হয়েছে। অর্থাৎ, নির্ধারিত রুটে সব ট্রেন চলাচল করছে না। ফলে দক্ষিণ কলকাতামুখী এবং উত্তর কলকাতামুখী; উভয় দিকের যাত্রীদেরই পরিষেবা বিভ্রাটের মুখে পড়তে হয়েছে। 

    মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। উদ্ধারকাজ এবং প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত প্রক্রিয়া শেষ হলেই ধাপে ধাপে সম্পূর্ণ পরিষেবা পুনরায় চালু করা হবে।

    তবে এই ঘটনার জেরে ঠিক কতক্ষণ পরিষেবা আংশিক থাকবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের ধৈর্য ধরে পরিস্থিতির দিকে নজর রাখার এবং প্রয়োজন হলে বিকল্প যাতায়াতের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে।

    কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা বা ট্র্যাকে নেমে পড়ার মতো ঘটনার জেরে অতীতেও একাধিক বার পরিষেবা ব্যাহত হয়েছে। প্রতিবারই হাজার হাজার নিত্যযাত্রীকে সমস্যায় পড়তে হয়েছে। তাই এমন ঘটনা রুখতে স্টেশনগুলিতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন অনেকেই।

    এ দিনের ঘটনাতেও উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত স্বাভাবিক পরিষেবা পুরোপুরি চালু করা সম্ভব নয় বলে মেট্রো সূত্রে খবর।  
  • Link to this news (আজ তক)