একটি এটিএম, একটি আটকে যাওয়া কার্ড আর দেওয়ালে সাঁটা একটি ‘হেল্পলাইন’ নম্বর। সাধারণ মানুষের চোখে যা হয়ত স্বাভাবিক, সেটাই ছিল সুপরিকল্পিত প্রতারণার ফাঁদ। সেই ফাঁদে পা দিয়েই নিজের অ্যাকাউন্ট থেকে টাকা খোয়াতে হয় শিলিগুড়ির আঠারোখাই এলাকার বাসিন্দা দীপঙ্কর বর্মনকে। তবে অভিযোগের পর দীর্ঘ তদন্ত চালিয়ে অবশেষে আন্তঃরাজ্য এটিএম জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।