হলদিয়ার ৪০টি শিল্পসংস্থা থেকে শূন্যপদ চাইল প্রশাসন, নন্দীগ্রামে ঢালাও নিয়োগ
বর্তমান | ০৮ আগস্ট ২০২৬
শ্রীকান্ত পড়্যা, তমলুক: হলদিয়া শিল্পাঞ্চলের ৪০টি কারখানা কর্তৃপক্ষকে শূন্যপদের তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সমরজিৎ চক্রবর্তী। ৫ আগস্ট ওই চিঠি দেওয়ার পর এখনও পর্যন্ত হলদিয়া পেট্রকেমিক্যালস লিমিটেড(এইচপিএল) ৭০জন ও মানাক্সিয়া অ্যালুমিনিয়াম কোম্পানি ১৩টি শূন্যপদের তালিকা পাঠিয়েছে। এইচপিএল মাসিক ৩৫হাজার টাকা পর্যন্ত বেতনে কর্মী নেবে। অন্য কোম্পানিগুলি ১০আগস্টের মধ্যে শূন্যপদের তালিকা দেবে। এই শূন্যপদে শুধুমাত্র নন্দীগ্রাম বিধানসভা এলাকার যুবক-যুবতীদের নিয়োগ করা হবে। ১০আগস্টের পর এই বিধানসভা কেন্দ্রজুড়ে প্রশাসন মাইকিং করবে। ইচ্ছুক কর্মপ্রার্থীদের থেকে অনলাইনে ও অফলাইনে আবেদনপত্র নেওয়া হবে। নন্দীগ্রাম ১ ও ২ বিডিও অফিসে ড্রপ বক্সে আবেদনপত্র জমা দেওয়া যাবে। জেলা প্রশাসনের তরফে পশ্চিমবঙ্গ সোসাইটি ফল স্কিল ডেভেলপমেন্টকে(পিবিএসএসডি) এই কাজের মূল দায়িত্ব দেওয়া হয়েছে। আবেদনপত্র সংগ্রহের পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তারপর নন্দীগ্রামে রোজগার মেলায় বাছাই হওয়া যুবক-যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
দুর্গাপুজোর আগেই নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন। তার আগে নন্দীগ্রাম ১ ও ২ ব্লকের ১৭টি পঞ্চায়েতের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানে বিশেষ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ৫ আগস্ট বুধবার হলদিয়া ডেভেলপমেন্ট অফিসে বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক নিরঞ্জন কুমার সহ অন্য আধিকারিকরা। প্রত্যেক শিল্পসংস্থাকে এই স্পেশাল ড্রাইভে সহযোগিতার বার্তা দেন জেলাশাসক। ওইদিনই ৪০টি শিল্পসংস্থাকে চিঠি দিয়ে ১০আগস্টের মধ্যে শূন্যপদের তালিকা জমা দিতে বলা হয়।এই উদ্যোগের ফলে আইটিআই, পলিটেকনিক, নার্সিং, উৎকর্ষ বাংলার কোর্স করা, স্নাতক, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পাশ করা যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এইচপিএল মাসিক ৩৫হাজার টাকা বেতনে পাঁচজন ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, আটজন মাস্টার টেকনিশিয়ান, চারজন প্রসেস অপারেটর, ৩০হাজার টাকা বেতনে পুরুষ ও মহিলা নার্স নিয়োগ করবে। এছাড়া, ১৩জন বাস চালক, ১০জন বাসের হেল্পার সহ বিভিন্ন সেমি-স্কিলড পদে কর্মী নেবে। অপর একটি অ্যালুমিনিয়াম কোম্পানি আইটিআই পাশ করা যুবকদের লেভেল অপারেটর, মেকানিক্যাল ফিটার, বিএসসি পাশ করা যুবকদের কোয়ালিটি ইনস্পেক্টর, বি.টেক পাশ হলে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করবে।
নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। পুরো বিধানসভা এলাকায় মাইকিং হবে। ইচ্ছুক প্রার্থীদের জন্য অনলাইন ও অফলাইনে আবেদনের সুযোগ থাকবে। তবে শুধুমাত্র নন্দীগ্রাম বিধানসভা এলাকার বাসিন্দারাই আবেদন করতে পারবেন। হাজারের বেশি শূন্যপদের তালিকা আসতে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচনের বিজ্ঞপ্তির আগেই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা হবে। নন্দীগ্রামে রোজগার মেলা করে বাছাই হওয়া চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।-নিজস্ব চিত্র