• পাঞ্জাবের পুলিশকর্তার বদলির নেপথ্যে জঙ্গি–বিতর্ক?
    এই সময় | ০৮ আগস্ট ২০২৬
  • চণ্ডীগড়: পাঞ্জাবে কিছুদিন আগেই পাক গুপ্তচর সংস্থা (আইএসআই)–এর মদতপুষ্ট সন্দেহে ন’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সন্দেহভাজনদের সঙ্গে যন্তর মন্তরের যোগসূত্র টেনে বিতর্কে জড়িয়েছিলেন অমৃতসরের পুলিশ চিফ গুরপ্রীত সিং ভুল্লার। ঘটনাচক্রে তার কয়েক দিনের মধ্যেই, শুক্রবার বদলি করে দেওয়া হলো কমিশনার অফ পুলিশ (সিপি) ভুল্লারকে। অমৃতসরের ডিআইজি (বর্ডার রেঞ্জ)–এর হরমনবীর সিং গিলকে আপাতত অমৃতসরের সিপি–র অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

    তবে, ভুল্লারকে সরানোর সময়টা নিয়েই দানা বাঁধছে জল্পনা।অমৃতসর কমিশনারেট কিছুদিন আগে ঘোষণা করে পাঞ্জাব থেকে ন’জনকে গ্রেপ্তার করেছে তারা, তার মধ্যে চার জন নাবালক। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে তিনটি পিস্তল, ন’টি তাজা কার্তুজ এবং চারটি পেট্রল বোমা। পুলিশের দাবি, আইএসআই হ্যান্ডলারদের হয়ে কাজ করত এই অভিযুক্তরা, ভারতের প্রতিরক্ষা পরিকাঠামোয় চালাত গোপন নজরদারি।এর পরেই ৪ অগস্টের প্রেস ব্রিফিংয়ে ভুল্লার দাবি করেন, ধৃতদের মধ্যে কয়েকজন অভিযুক্ত যন্তর মন্তরের প্রতিবাদস্থলে রেকি করতে গিয়েছিল। প্রতিবাদীদের উপরে পেট্রল বোমা হামলার পরিকল্পনা ছিল ধৃতদের।

    ভুল্লারের এই মন্তব্য নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। তিনি যন্তর মন্তরের প্রতিবাদীদের জঙ্গি বলেছেন, এমন অভিযোগও ওঠে। পাঞ্জাব প্রশাসন অবশ্য ব্যাখ্যা দেয়, পুলিশ কমিশনার এমন কোনও কথা বলেননি, তাঁর বক্তব্যের অংশবিশেষ এডিট করে ছড়ানোর ফলে ভুল বোঝাবুঝি হচ্ছে। তবে, এই বিতর্কের কয়েকদিনের মধ্যেই ভুল্লারের বদলি যোগসূত্রের সম্ভাবনা উস্কে দিচ্ছে।

    রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। ভুল্লার পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) প্রশাসনের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। সেই প্রসঙ্গ টেনে বিজেপির রভনীত সিং বিট্টুর কটাক্ষ, ‘গুরপ্রীত ভুল্লারের বদলির সময়ে সন্দেহ জাগাতে বাধ্য। যন্তর মন্তরের আসল সত্যিটা প্রকাশ করে দিয়ে কি আপ প্রধান কেজরিওয়ালের অস্বস্তি বাড়িয়েছিলেন তিনি, সেই জন্যই বদলির শাস্তি?’

  • Link to this news (এই সময়)