শুক্রবার দিনভর দফায় দফায় বৃষ্টির পরে শনিবারও আকাশের মুখ ভার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থা করছে ঘূর্ণাবর্ত। একই সঙ্গে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ সক্রিয় রয়েছে। যার জেরে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বিশেষ সতর্কতা রয়েছে উপকূলের জেলাগুলিতে। অন্যদিকে, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বৃষ্টি চলবে দিনভর। তবে নিম্নচাপের গতিপথ কলকাতার দিকে না থাকায়, বড় কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই শহরে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তারমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কম।
শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে এই জেলাগুলিতে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে। এ ছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাংশে। নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। সেই কারণে মৎস্যজীবীদের শনিবার বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়াও, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।