• Breaking News Live: স্কুলে যাওয়ার পথে শিক্ষককে গুলি, ইসলামপুরে চাঞ্চল্য
    এই সময় | ০৮ আগস্ট ২০২৬
  • স্কুলে যাওয়ার পথে শিক্ষককে গুলি করে পালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ইসলামপুরের মাদারিপুরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আহত শিক্ষকের নাম নজরুল ইসলাম। তিনি রামগঞ্জের রাজাভীম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গিয়েছে।

    ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। শালবনীতে জমি দুর্নীতি মামলায় তাঁকে হাজিরার জন্য নোটিস পাঠানো হয়। তার পরেই শনিবার সকাল ৯.৫৪ মিনিটে ভবানী ভবনে পৌঁছন তিনি। তদন্তকারীরা সুমিতকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গিয়েছে।

    নৈহাটি বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দেকে গ্রেপ্তার করল নৈহাটি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। কয়েক দিন আগেও তাঁর বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছিল পুলিশ। কিন্তু তাঁকে সেই সময়ে পাওয়া যায়নি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে তাঁকে দত্তপুকুর থেকে গ্রেপ্তার করে নৈহাটি থানায় নিয়ে যায় পুলিশ। শনিবার তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।

    ভয়াবহ বাস দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হলো। গুরুতর জখম একাধিক। শনিবার হিমাচল প্রদেশের চাম্বারের ঘটনা। এ দিন ভোরে একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের চালক-কন্ডাক্টর-সহ ১০ জন যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর দেওয়া হয় পুলিশে।

    স্বামীর শ্রাদ্ধে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো স্ত্রীর। মৃতার নাম মালতি ছাতাইত (৮০) । বাঁকুড়া সদর থানার নড়রা গ্রাম পঞ্চায়েতের শিবরামপুরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবারই বৃদ্ধার স্বামী গোপাল ছাতাইতের শ্রাদ্ধের কাজ শেষ হয়েছে। তার পরেই এ দিন ভোরে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় মালতির।

    কর্নাটকে কংগ্রেস নেতা ডেভিড ডি’সুজাকে গুলি করে খুনের অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। তিনি ছিলেন পেশায় ঠিকাদার। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তার ধারে তাঁর গাড়ি দাঁড় করানো ছিল। তিনি দরজা খুলে গাড়িতে ঢোকার সময়ে পিছন থেকে দু’জন এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডি’সুজার।

    রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, এমন দেশগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়ে বিল পাশ হলো আমেরিকান সেনেটে। ৮৬-১১ ভোটে পাস হওয়া এই বিলে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি, তাদের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভারত-সহ পাঁচটি দেশের পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।

    বিদ্যুৎ নেই। মোবাইলের টর্চ জ্বেলে রোগীর অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা। বিহারের রোহতাস জেলার সাসারামের একটি হাসপাতালের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি হাসপাতাল কর্তৃপক্ষ।

    কাকভোরে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। আকাশ এখনও মেঘলা। শনিবার দফায় দফায় বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতায়। পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)