• ‘আবার আসব, আরও ৮০ লাখ চাই’, মাথায় বন্দুক ঠেকিয়ে ৩.১৫ কোটি টাকা লুট করে আইনজীবীকে শাসিয়ে গেল ডাকাতরা
    এই সময় | ০৮ আগস্ট ২০২৬
  • প্রবীণ আইনজীবী এবং তাঁর স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির অভিযোগ উঠল হরিয়ানার থানেসারে। অভিযোগ, সব মিলিয়ে ৩ কোটি ১৫ লক্ষ টাকা, সোনাগয়না, একটি রিভলভার লুট করেছে মুখোশ পরা চার দুষ্কৃতী। শুধু তা-ই নয়, যাওয়ার আগে ডাকাতরা শাসিয়ে গিয়েছে, তাদের আরও ৮০ লক্ষ টাকা চাই। তারা আবার আসবে সেই টাকা নিতে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। থানেসার সিটি থানায় অভিযোগও দায়ের করেছেন প্রবীণ আইনজীবী বলবন্ত সিং ওয়ালিয়া। তিনি জানান, রাত সাড়ে ৯টা নাগাদ তিনি পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। বাড়ি ফেরেন রাত ১০টা নাগাদ। ফিরে দেখেন, ঘর তছনছ হয়ে রয়েছে। ঘর জুড়ে ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। দেখেই ঘাবড়ে যান বলবন্ত। দৌড়ে শোয়ার ঘরে গিয়ে দেখেন, বিছানায় উপুড় হয়ে পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। তাঁর হাত-পা দড়ি দিয়ে বাঁধা। মুখে টেপ লাগানো। বলবন্তের অভিযোগ, তখনও বাড়িতে ছিল দুষ্কৃতীরা। তিনি ঘরে ঢুকতেই তারা বেরিয়ে এসে তাঁকেও কাবু করে ফেলে। তাঁরও হাত-পা বেঁধে ফেলা হয়। তার পরে মাথায় বন্দুক ঠেকিয়ে আবার লুটপাট চলতে থাকে।

    বলবন্তের দাবি, গত মার্চের মাসের ২০ তারিখেও তাঁর বাড়িতে ডাকাতি হয়েছিল। সে বার ৫০ লক্ষ টাকা লুট করা হয়। সেই ঘটনার পিছনেও তারাই ছিল বলে জানিয়েছে বৃহস্পতিবারের ডাকাতদলটি। লুটপাট করতে করতেই তারা আইনজীবীকে জানিয়েছে, সেদিন তারা ডিজিটাল সেফ খুলতে পারেনি। এ বার সেই লকারই খুলতে এসেছে তারা। প্রাণের ভয়ে বলবন্তও ডিজিটাল লকার খুলে দেন। সেখান থেকে ১৭–২০ লক্ষ টাকা নগদ, ১.৫–২ কেজি সোনার গয়না, ৪ কেজি রুপো, একটি বিগ্রহ লুট করা হয়েছে। চম্পট দেওয়ার আগে দুষ্কৃতীরা প্রমাণ লোপাট করতে সিসিটিভি ক্যামেরা ও ডিভিআর ভেঙে দিয়ে যায়। এ ছাড়া আরও আরও ৮০ লক্ষ টাকা দাবি করে তারা। পাশাপাশি পুলিশে খবর দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

    থানেসার সিটি থানার স্টেশন হাউস অফিসার দেবেন্দ্র সিং জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। নিরাপত্তার স্বার্থে আইনজীবীর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • Link to this news (এই সময়)