হানিট্র্যাপে ধরা দিয়ে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন, স্পর্শকাতর তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডার। সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, চরবৃত্তির অভিযোগে গত ৩১ মে তাঁকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এর নেপথ্যে বড় চক্র কাজ করে। দেশের নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য পাকিস্তানি চরদের হাতে তুলে দিয়ে সাম্প্রতিক কালে এই রকম অনেকে গ্রেপ্তারও হয়েছেন। বায়ুসেনার এই উইং কমান্ডারও সেই জালেই জড়িয়ে পড়েছিলেন।
রিপোর্ট অনুযায়ী, দিল্লি পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার সময়ে সমাজমাধ্যমে এক মহিলার সঙ্গে পরিচয় হয়। তার পরে বন্ধুত্ব এবং পর্যায়ক্রমে ‘প্রেমের সম্পর্ক’। অভিযোগ, সেই মহিলার কথাতেই সেনাবাহিনীর গতিবিধি, সেনা মোতায়েন সংক্রান্ত তথ্য, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ছবি-ভিডিয়ো পাঠাতে থাকেন উইন কমান্ডার। শুধু তা-ই নয়, মহিলার কথায় সহকর্মীদের ফোনে একটি অ্যাপ বা স্পাইওয়্যারও ইনস্টল করে দিয়েছিলেন তিনি। যা দিয়ে সহকর্মীদের ফোনের তথ্য চুরি এবং তাঁদের গতিবিধির উপরে নজরদারিও চালানো হয়। গোয়েন্দাদের দাবি, উইং কমান্ডার যে মহিলার প্রতি অনুরক্ত হন, তাঁর সঙ্গে পাক হ্যান্ডলারদের যোগাযোগ ছিল।
নিউজ ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, বায়ুসেনার তরফে জানানো হয়েছে, কিছু দিন ধরেই ওই আধিকারিকের উপরে নজর রাখা হচ্ছিল। তাঁর কার্যকলাপ সন্দেহজনক মনে হওয়ায় তাদের গোয়েন্দা শাখা পুরো বিষয়টি পুলিশকে জানায়। কিছু তথ্যপ্রমাণও তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তার পরেই গ্রেপ্তার হন অভিযুক্ত উইং কমান্ডার।