• ভেঙে পড়ল মাটির বাড়ির দেওয়াল, স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের পরেই মর্মান্তিক পরিণতি স্ত্রী-র
    এই সময় | ০৮ আগস্ট ২০২৬
  • আগের দিনই বাড়িতে স্বামীর শ্রাদ্ধের অনুষ্ঠান হয়েছে। পরের দিন ভোরে ঘরের মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো স্ত্রী-র। মৃতের নাম মালতি ছাতাইত (৮০)। শনিবার ভোর চারটে নাগাদ মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। বাঁকুড়া সদর থানার নড়রা গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মাটির দেওয়াল সরিয়ে মালতিকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মালতিকে মৃত ঘোষণা করেন।

    পরিবার সূত্রে খবর, শুক্রবার মালতির স্বামী গোপাল ছাতাইতের শ্রাদ্ধের কাজ ছিল। সেই কারণে বাড়িতে আত্মীয়স্বজনরা এসেছিলেন। রাতে মালতি মাটির বাড়ির বারান্দায় শুয়ে ঘুমিয়েছিলেন। পরের দিন অর্থাৎ, শনিবার ভোরের দিকে আচমকা মাটির দেওয়াল ভেঙে তাঁর উপর পড়ে। পরিবারের লোকজন মাটির স্তূপ সরিয়ে তাঁকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে মালতির।

    পরে খবর দেওয়া হয় স্থানীয় বাঁকুড়া সদর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই মালতির দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

    মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, আবাস যোজনা প্রকল্পের তালিকায় তাঁদের নাম ছিল। কিন্তু পরবর্তীতে মালতির ছেলে স্কুল শিক্ষকের চাকরি পাওয়ায় তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়। পরিবারের লোকজনের দাবি, পাকা বাড়ি পেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না।

  • Link to this news (এই সময়)