• বাজ পড়লেই ইলেকট্রিক প্লাগ খুলে দেন? তাতে কি সত্যিই টিভি-এসি বাঁচে, নাকি সবটাই মিথ?
    এই সময় | ০৮ আগস্ট ২০২৬
  • বাজ পড়লেই এসি, ফ্রিজের প্লাগ খুলতে ছোটেন? আদৌ কোনও লাভ হয় নাকি সবটাই মিথ? কোন বিজ্ঞান রয়েছে এর পিছনে? সমস্যার সমাধানই বা কী ভাবে হবে? বাজ পড়ে মাঝেমধ্যেই অনেক জায়গায় নানা বৈদ্যুতিক যন্ত্র নষ্ট হয়েছে বলে শোনা যায়—কেন হয় এমন? উত্তর খুঁজল এই সময় অনলাইন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী সুমন কুমার চক্রবর্তী জানাচ্ছেন সবটাই।

    ঘরের কাছাকাছি বিদ্যুৎ চমকালে একটা ইনডিউসড (induced) ভোল্টেজ তৈরি হয় সিস্টেমের মধ্যে, যদি বজ্রপাত বাড়ির খুব কাছাকাছি হয় তবেই। খুব সহজে বললে, ঘরের কাছাকাছি বজ্রপাত হলে টিভি, রেফ্রিজেটার, এসি, কম্পিউটার বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র নষ্ট হওয়ার মূল কারণ বিদ্যুতের অতিরিক্ত ভোল্টেজ (Power Surge)।

    কী ভাবে তৈরি হয় এই সমস্যা?



    • বজ্রপাতে বিপুল পরিমাণ ভোল্টেজ তৈরি হয় (Electric Potential)।

    • বাড়ির কাছে বজ্রপাত হলে সেই শক্তির একটি অংশ বিদ্যুতের লাইন, টেলিফোন লাইন, এমনকী ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।

    • এর ফলে কয়েক মুহূর্তের জন্য বাড়ির বৈদ্যুতিক লাইনে স্বাভাবিক ২২০–২৩০ ভোল্টের বদলে অনেক বেশি ভোল্টেজ চলে আসে। এটিই পাওয়ার সার্জ।

    • টিভি, রেফ্রিজারেটার, এসি, ওয়াই-ফাই রাউটার বা কম্পিউটারের সার্কিট এত বেশি ভোল্টেজ সহ্য করতে পারে না। তাই সার্কিট বোর্ড, পাওয়ার সাপ্লাই বা কম্প্রেসর ক্ষতিগ্রস্ত হতে পারে।



    বজ্রপাত সরাসরি বাড়িতে না হলেও কেন ক্ষতি হয়?



    বজ্রপাতের বৈদ্যুতিক শক্তি কয়েকশো মিটার থেকে কয়েক কিলোমিটার দূরের বিদ্যুতের তারেও সার্জ সৃষ্টি করতে পারে। তাই কাছাকাছি কোথাও বজ্রপাত হলেও বাড়ির যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

    কী ভাবে ক্ষতি এড়ানো যায়?



    আদর্শ এবং ১০০ শতাংশ নিরাপদ উপায় হলো, প্লাগ খুলে দেওয়া। এটা ঠিক কথা। কিন্তু বিদ্যুৎ কখন পড়বে বা বাজ কখন পড়বে, সেটা আগে থেকে জানা সম্ভব নয়। বজ্রপাত হয়ে যাওয়ার পরে প্লাগ খুলে আর লাভ নেই। আবার অনেক সময়ে আকাশ মেঘলা থাকলেও হঠাৎ করেই বজ্রপাত হয়। তাই আগে থেকে সব সময় প্লাগ খুলে রাখাও বাস্তবে সম্ভব নয়।

    তা হলে কী করতে হবে?



    • খুব সহজে বললে ভালো মানের সার্জ প্রোটেক্টর ব্যবহার করা যেতে পারে।

    • Type 2 Surge Protection Device (SPD) ব্যবহার। বাড়ির মেন ডিস্ট্রিবিউশন বোর্ডে Type 2 SPD লাগানো উচিত। কাছাকাছি বজ্রপাত হলে যে ওভারভোল্টেজ এবং হাই-ফ্রিকোয়েন্সির কারেন্ট তৈরি হয়, Type 2 SPD সেটাকে গ্রাউন্ডে পাঠিয়ে দেয়।

    • এ বার যদি বাড়িতে খুব দামি ইকুইপমেন্ট থাকে, যেমন LED টিভি, কম্পিউটার, মিউজিক সিস্টেম বা অন্য কোনও সংবেদনশীল ইলেকট্রনিক্স, তাহলে সেগুলোর জন্য একটি Type 3 Surge Protection Device যুক্ত এক্সটেনশন বোর্ড ব্যবহার করা উচিত। সেই বোর্ডেই এই সব ইকুইপমেন্ট প্লাগ করতে হবে। তবে এ ক্ষেত্রে Type 2 SPD-ও ব্যবহার করা মাস্ট।

    • বাড়িতে সঠিক আর্থিং (Earthing) থাকাই এই সমস্যা মেটার এক এবং একমাত্র উপায়। সেটা থাকলেই সার্জ প্রোটেকশন ডিভাইস ঠিক মতো কাজ করবে।

    • প্রপার আর্থিং আছে কি না, সেটা আর্থ রেজিস্ট্যান্স (Earth Resistance) মেপে বোঝা যায়। এই রেজিস্ট্যান্স ৫ ওহম হলে সবচেয়ে ভালো। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ গুলি যে সব আপনি সহজে বুঝবেন এমন নাও হতে পারে। তবে বাড়িতে যিনি ইলেকট্রিকের কাজ করবেন, তাঁকে এটা মেনে কাজ করার কথা অবশ্যই বলে দেবেন।

    সমস্যাটা কোথায়?



    বেশিরভাগ বাড়িতে এই সুরক্ষা ব্যবস্থা লাগানো হয় না। কারণ Type 2 SPD এবং Type 3 SPD—দু'টোরই ভালো মানের ডিভাইস যথেষ্ট দামি। তাই অনেকেই এই খরচ করতে চান না। অথচ এই প্রয়োজনীয় খরচ এখন করে রাখলে ভবিষ্যতে হাজার হাজার টাকার দামি ইলেকট্রনিক্স বজ্রপাতের কারণে নষ্ট হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

    আর একটি বিষয় নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে। অনেকে বাড়ির ছাদে একটি রড লাগান এবং সেটাকেই সার্জ অ্যারেস্টার বলে মনে করেন। আসলে এর সঙ্গে এই সমস্যা মেটার সহজ সম্পর্ক নেই। বৈদ্যুতিক যন্ত্র বাঁচাতে SPD লাগাতে হবেই।

    • যে কোনও পাওয়ার ইউটিলিটি সার্ভিস প্রোভাইডার

    (WBSEDCL, CESC) এ ধরনের ঘটনা আটকাতে যথেষ্ট প্রোটেকশন থাকে বলেই কর্তাদের দাবি।

  • Link to this news (এই সময়)