• ইসলামপুরে শুট আউট, স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে নিহত প্রধান শিক্ষক
    এই সময় | ০৮ আগস্ট ২০২৬
  • স্কুলে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত প্রধান শিক্ষক। শনিবার সকালে ইসলামপুরের মাদারিপুর এলাকায় প্রবল উত্তেজনা। নিহতের নাম নজরুল ইসলাম (৫৫)। তিনি রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ওই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, মৃত শিক্ষক তৃণমূলের শিক্ষা সেলের নেতা ছিলেন।

    স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতোই শনিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেরিয়েছিলেন নজরুল। মাদারিপুর এলাকায় পৌঁছতেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। খবর জানাজানি হতেই ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন ইসলামপুর থানায়।

    পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় নজরুলকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়ির নার্সিংহোমে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল। নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে, সেখানের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    নিহত শিক্ষকের পরিবার সূত্রে খবর, এ দিন স্কুল ছুটির পরে নজরুলের গ্রামের বাড়ি চোপড়ার সোনাপুরে যাওয়ার কথা ছিল। অন্য আর একটি সূত্রে খবর, দুই আততায়ী মোটরবাইকে চেপে এসেছিল।

    তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। পুরোনো কোনও শত্রুতা নাকি অন্য কোনও কারণে প্রধান শিক্ষকের উপরে হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।

    প্রত্যক্ষদর্শী দোকানদার মহম্মদ ইসমাইল বলেন, ‘হঠাৎ করে একটা আওয়াজ পাই। দোকান থেকে বেরিয়ে দেখি নজরুল গুলি খেয়ে বাইকে বসে রয়েছেন। দুই আততায়ী বাইক নিয়ে পালাচ্ছিল। গুলিবিদ্ধ নজরুল বাইক ঘুরিয়ে তাদের ধাওয়া করতে যায়। কিন্তু নজরুল বেশি দূর যেতে পারেননি। টাল সামলাতে না পেরে বাইক নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।’

  • Link to this news (এই সময়)