প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিল ১৬ বছরের এক নাবালিকা। বিয়ে-সংসারের স্বপ্ন ছিল দু’চোখে। কিন্তু সেই প্রেমিকই তাকে বিক্রি করে দেয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত নাবালিকার ঠাঁই হয় সোনাগাছিতে। শুক্রবার ১০০ ডায়ালে ফোন আসতেই তৎপর হয় কলকাতা পুলিশ। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই সোনাগাছির একটি ঘর থেকে নাবালিকাকে উদ্ধার করে বড়তলা থানার পুলিশ। তার প্রেমিক বাবুল ওরফে সফিকুল মোল্লা (২০) এবং সফিকুলের সঙ্গী শাহরুখ ওরফে সাহারুল লস্কর (৩৯)-কে গ্রেপ্তার করা হয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, শুক্রবার তখন বিকেল পৌনে চারটে। আচমকাই ১০০ ডায়ালে একটি ফোন আসে। পরে চাইল্ড হেল্পলাইনে ইমেলও পাঠানো হয়। অভিযোগে বলা হয়, ‘এক নাবালিকাকে সোনাগাছিতে নিয়ে আসা হয়েছে। আপনারা বাঁচান।’ এর পরেই অভিযানে নামে বড়তলা থানার পুলিশ।
সোনাগাছিতে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই দুর্গাচরণ মিত্র স্ট্রিটের ১৯ নম্বর বাড়ির একটি ঘর থেকে নাবালিকাকে উদ্ধার করেন পুলিশকর্মীরা। ১০০ ডায়ালে ফোন করা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে উদ্ধার হওয়া কিশোরীর পরিচয়ও নিশ্চিত করেন তদন্তকারীরা।
উদ্ধারের পরে মহিলা পুলিশ আধিকারিককে গোটা ঘটনার কথা খুলে বলে নাবালিকা। তাতে জানা গিয়েছে, নাবালিকার বাড়ি উত্তর ২৪ পরগনায়। বাবুল নামে এক যুবকের সঙ্গে প্রেম ছিল তার। তার সঙ্গেই ঘর ছেড়ে সে কলকাতায় আসে। অভিযোগ, সোনাগাছির শাহরুখ নামে এক ব্যক্তির কাছে তাকে বিক্রি করে দেয় বাবুল।
এর পরেই অভিযুক্তদের খোঁজে শুরু হয় তল্লাশি। গোপন সূত্র মারফত খবর পেয়ে, দুই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। ধৃত শাহরুখের বাড়ি দুর্গাচরণ মিত্র স্ট্রিটে। অন্য দিকে, বাবুল উত্তর ২৪ পরগনার শ্যামনগরের গারুলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। জেরায় দু’জনেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে নিয়েছেন বলে দাবি পুলিশের। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারার পাশাপাশি POCSO Act এবং Immoral Traffic (Prevention) Act, 1956-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
প্রশ্ন: নাবালিকাকে কোথা থেকে উদ্ধার করা হয়?
উত্তর: সোনাগাছির দুর্গাচরণ মিত্র স্ট্রিটের ১৯ নম্বর বাড়ির একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়।
প্রশ্ন: কী ভাবে নাবালিকার খোঁজ পাওয়া যায়?
উত্তর: শুক্রবার বিকেলে ১০০ ডায়ালে ফোন করে এক ব্যক্তি নাবালিকাকে সোনাগাছিতে নিয়ে যাওয়ার কথা জানান। পরে চাইল্ড হেল্পলাইনেও ই-মেল পাঠানো হয়।
প্রশ্ন: কত দ্রুত নাবালিকাকে উদ্ধার করে পুলিশ?
উত্তর: অভিযোগ পাওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই পুলিশ সোনাগাছিতে অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করে।
প্রশ্ন: নাবালিকার সঙ্গে কী ঘটেছিল বলে অভিযোগ?
উত্তর: পুলিশের কাছে নাবালিকা অভিযোগ করেছে, উত্তর ২৪ পরগনার বাড়ি থেকে প্রেমিক বাবুলের সঙ্গে সে কলকাতায় এসেছিল। পরে বাবুল তাকে সোনাগাছির শাহরুখ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় বলে অভিযোগ।
প্রশ্ন: ঘটনায় কারা গ্রেপ্তার হয়েছে?
উত্তর: নাবালিকার প্রেমিক বাবুল ওরফে সফিকুল মোল্লা (২০) এবং তার সঙ্গী শাহরুখ ওরফে সাহারুল লস্কর (৩৯)-কে গ্রেপ্তার করা হয়েছে।
প্রশ্ন: ধৃতদের বিরুদ্ধে কী মামলা হয়েছে?
উত্তর: ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারার পাশাপাশি POCSO Act এবং Immoral Traffic (Prevention) Act, 1956-এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
প্রশ্ন: ঘটনায় আরও কেউ জড়িত কি না?
উত্তর: তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত কি না, জানার চেষ্টা চলছে।