ফের শহরে মর্মান্তিক দুর্ঘটনা। বাসের চাকায় পিষতে পিষতে গেলেন মহিলা। বেহালা শিলপাড়ায় ডায়মন্ড হারবার রোডের ঘটনা। ঘাতক বাসটিকে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে ঠাকুরপুকুর থানার পুলিশ বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে শিলপাড়ায় ওই মহিলা রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় সিগন্যাল বন্ধ ছিল। কিন্তু মহিলা রাস্তার মাঝামঝি পৌঁছতেই সিগন্যাল গ্রিন হয়ে যায়। ঠিক সেই সময়ই ঠাকুরপুকুরের দিক থেকে আসা একটি ১২সি রুটের বাস দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ওই মহিলাকে। তারপরেও থামেনি বাস। বাসের চাকায় পিষতে পিষতে যায় ওই মহিলা। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতি বেশি থাকায় বাসের চালক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বেহালা-চৌরাস্তার মাঝে শিমুলতলায় মর্মান্তিক দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, দুটি বাসের রেষারেষিতে প্রাণ হারা হয়েছিল ওই ব্যক্তিকে। কয়েক বছর আগে চৌরাস্তায় লরির চাকায় পিষে বড়িশা স্কুলের এক ছাত্রের মৃত্যু হয়েছিল।