• ‘পাকিস্তানিরা মনেপ্রাণে ভারতীয়দের শত্রু নন’, মত RSS প্রধান ভাগবতের
    এই সময় | ০৮ আগস্ট ২০২৬
  • ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের প্রধান কারণ রাজনীতি। সাধারণ জনগণ নন। এমনই মনে করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস-এর প্রধান মোহন ভাগবত। তাঁর মতে, ‘পাকিস্তান বা চিনের সাধারণ নাগরিকরা আমাদের শত্রু নন। তাঁদের সঙ্গে আমাদের বহু বছর ধরে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে।’

    সম্প্রতি মুম্বইয়ে ‘ইন্ডিয়ান্স ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশনস’ (আইআইএমইউএন)-এর ১৫তম প্রতিষ্ঠা-বার্ষিকীতে উপস্থিত ছিলেন ভাগবত। সেখানে আঞ্চলিক সংঘাত নিয়ে বলতে গিয়ে ভারতীয় দর্শনের মূল ভাবনা নিয়ে নিজের মত প্রকাশ করেন তিনি। আরএসএস প্রধানের বক্তব্য, দ্বন্দ্ব মেটাতে কোনও দেশকে দখল বা ধ্বংস করা নয়, বরং সম্প্রীতি এবং আত্মীকরণের মাধ্যমে তার সমাধান খোঁজা দরকার। ভাগবতের কথায়, ‘চিরস্থায়ী ঘৃণা বা শত্রুতা কোনও সমাধান নয়। সংঘাত সম্পর্কে চিড় ধরাতে পারে। কিন্তু তা পুরোপুরি ছিন্ন করতে পারে না। ছিন্ন করা উচিতও নয়। দ্বন্দ্ব মেটাতে আলোচনার প্রয়োজন।’

    ভাগবতের মতে, রাষ্ট্র, রাজনীতি এবং আন্তর্জাতিক সীমান্তের কারণেই মূলত সংঘাত তৈরি হয়। তাঁর কথায়, ‘এমন নয় যে, পাকিস্তানিরা মনেপ্রাণে ভারতীয়দের শত্রু। কিংবা ভারতীয়রাও সেই রকম। আবার রাষ্ট্র, রাজনীতি এবং আন্তর্জাতিক সীমান্তের বিষয়ও থাকে। যা আদতে লড়াইয়েরই অংশ।’

    তবে আরএসএস প্রধান মনে করিয়ে দিয়েছেন, সংঘাতের পরিস্থিতিতে নিজের দেশ, সরকার এবং সেনাবাহিনীর পাশে দাঁড়ানোই উচিত। তাঁর পরামর্শ, ‘সংঘাতের সময় আমাদের সরকার যা-ই করুক না কেন, সরকারের সঙ্গেই থাকতে হবে। তবে তার মানে এই নয় যে, আমরা পুরোনো সম্পর্ক ভুলে যাব। আমরা জানি, এক সময়ে সংঘাত থামবে। থামতেই হবে এবং আমাদের একত্রিতও হতে হবে। চিনের মানুষেরাও স্বীকার করেন, দু’হাজার বছর ধরে ভারত থেকে তাঁরা নানা কিছু গ্রহণ করেছেন। পাকিস্তানও ১০০ বছর আগে ভারত ভূখণ্ডেরই অংশ ছিল। ’

  • Link to this news (এই সময়)