বাস ইউনিয়নের সেক্রেটারির বিরুদ্ধে টাকা লোপাটের অভিযোগে বাস চলাচলই বন্ধ করে দিলেন কন্ডাটকর এবং চালকেরা। প্রাপ্য টাকা মেলেনি বলে অভিযোগ করে চুঁচুড়া থেকে তারকেশ্বর-আরামবাগ রুটের বাস চলাচল বন্ধ করা হয়েছে। শনিবার ধনিয়াখালি বাসস্ট্যান্ডে গিয়ে বাস থামিয়ে দেন চালকরা।
বাস চালক সুশান্ত পালের অভিযোগ, ‘তৃণমূলের আমলে বাস ইউনিয়নের মাথায় শেখর হাজরা, জাকির হোসেনরা ছিলেন।’ তাঁরা ইউনিয়নের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। বাস চালক থেকে কন্ডাক্টর কোনও সুযোগ-সুবিধা পায়নি বলে অভিযোগ। আরও এক বাস চালক বিশ্বনাথ দাস বলেন, ‘ইউনিয়নের তৃণমূল নেতারা বিগত আট বছর ধরে শ্রমিকের টাকার হিসাব দিচ্ছে না। আমরা বিধায়ক থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সকলকে জানিয়েছি। আগামী দিনে যদি আমাদের টাকার হিসাব না পাই তাহলে আন্দোলন চালিয়ে যাব।’
এই বিষয়টি নিয়ে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেন, ‘গ্রামের দিকে কিছু রুটে বাস এখনও প্রয়োজন আছে। কিছু জায়গায় রাজনৈতিক ভাবে দখলদারির কাজ চলছিল। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি বাসের মালিক এবং কর্মচারীরা মিলে ইউনিয়ন চালাবে। ইউনিয়নের কোনও দখলদারি হবে না। তবে সহযোগিতার জন্য আমাদের কেউ থাকতে পারি।’ তাঁর মতে কারও কোনও দাবি যদি থেকে থাকে তাহলে সেটা আলোচনার টেবিলে বসে মেটাতে হবে। ইউনিয়ন ঘিরে কোনও দখলদারি চললে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বলা হবে বলে স্পষ্ট বার্তা বিধায়কের।