• Breaking News Live: মহারাষ্ট্রের নাসিকে ভূমিকম্প, একাধিক বাড়িতে ফাটল
    এই সময় | ০৯ আগস্ট ২০২৬
  • মহারাষ্ট্রের নাসিকে পর পর দু'বার ভূমিকম্প। প্রথম কম্পন অনুভূত হয় শনিবার রাত ১০টা নাগাদ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩। এর পরে রবিবার ভোর ৫টা নাগাদ ফের একটি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৩। মহারাষ্ট্র-গুজরাট সীমান্তের কাছে ভূমিকম্পের উৎস। সুরগানা ও দিনদোরি তালুকের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। তবে প্রাণহানির কোনও খবর নেই।

    ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বার্ষিকী পালিত হচ্ছে আজ রবিবার। এ নিয়ে X হ্যান্ডলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পোস্টে তিনি লিখেছেন, ‘আজ ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বার্ষিকী। পরাধীনতার শৃঙ্খল চুরমার করে স্বাধীনতার নতুন ভোর ফুটিয়ে তুলতে পুরো দেশ সে দিন গর্জে উঠেছিল। এই সংগ্রাম চলাকালীন, দেশের হাজার হাজার বীর সন্তান আত্মত্যাগ করেছিলেন। তাঁদের একটাই স্বপ্ন ছিল, যাতে আগামী প্রজন্ম স্বাধীন ভারতে শ্বাস নিতে পারে।আমি সেই সমস্ত সাহসী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি।’

    রবিবার সাতসকালে বরাহনগরে বেপরোয়া বালি বোঝাই লরির দৌরাত্ম্য। লরিটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের বেশ কয়েকটি দোকানে ধাক্কা মারে। ক্ষতিগ্রস্ত ৫টি দোকান। বিটি রোড থেকে বনহুগলির দিকে যাওয়ার রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় আটক করা হয়েছে লরির চালককে।

    আজ আরজি কর কাণ্ডের দু’বছর। নির্যাতিতা চিকিৎসকের বাড়ি পানিহাটিতে যেতে পারেন শুভেন্দু। সেখানে বিশেষ কর্মসূচি রয়েছে। পানিহাটির বিধায়ক তথা আরজি করের নির্যাতিতার মায়ের সঙ্গেও দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী।

    রবিবার নবান্ন সভাঘরে স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ কাঁথির বাসভবন থেকে কলকাতায় ফিরবেন।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে রবিবার ফের তলব করেছে CID। সকাল সকাল ১০টায় ভবানী ভবনে হাজিরা দিতে হবে তাঁকে। শনিবার প্রায় ১০ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। তার পরে ভবানী ভবন থেকে বেরিয়ে সুমিত পৌঁছে গিয়েছিলেন অভিষেকের বাড়িতে।

    দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আরও বাড়তে পারে বৃষ্টি। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

  • Link to this news (এই সময়)