• ২ কয়লা মাফিয়াকে নিয়ে তল্লাশি এসটিএফের, বিরাট অস্ত্রভাণ্ডারের খোঁজ ইসিএলের পরিত্যক্ত আবাসনে!
    প্রতিদিন | ০৯ আগস্ট ২০২৬
  • দুর্গাপুরের অন্ডাল এলাকায় ইসিএলের পরিত্যক্ত আবাসনে অস্ত্রভাণ্ডার! বেঙ্গল এসটিএফ অভিযান চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করেছে। গ্রেপ্তার হওয়া দুই কোল মাফিয়াকে নিয়ে গতকাল, শনিবার রাতে ওই তল্লাশি অভিযান চলে। এমনই প্রাথমিকভাবে জানা গিয়েছে। কয়লা মাফিয়াদের মাধ্যমে কেন এত বিপুল অস্ত্র মজুত রাখা হয়েছিল? সেই বিষয়ে জোর চর্চা শুরু হয়েছে।

    গত মঙ্গলবার রাঁচি থেকে গ্রেপ্তার করা হয়েছিল কুখ্যাত কয়লা মাফিয়া সামশের হোসেনকে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গতমাসে গ্রেপ্তার করা হয়েছিল খইরুল নামে আরও একজনকে। এই খইরুল সামশেরের কয়লা চোরাচালানের সঙ্গী বলে জানা গিয়েছে। দু’জনকেই গ্রেপ্তার করে এসটিএফ। নিজেদের হেফাজতে রেখে দীর্ঘ জেরা চালানো হয়। সেখান থেকেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

    গতকাল রাতে ধৃত সামশের, খইরুলকে নিয়ে অন্ডাল এলাকায় অভিযান চালায় বেঙ্গল এসটিএফ। অন্ডাল এলাকায় ইসিএলের পরিত্যক্ত একটি আবাসনে অভিযান চালানো হয়। দীর্ঘ অভিযানে সন্ধান মেলে বিরাট অস্ত্রভাণ্ডারের। আবাসনের এক জায়গা থেকে উদ্ধার হয়েছে ১৫টি আগ্নেয়াস্ত্র ও ৫৬ রাউন্ড তাজা কার্তুজ। জানা গিয়েছে, ৩টি পাইপগান, ১১টি পাইপগান ও একটি পিস্তল উদ্ধার হয়েছে।

    কয়লা মাফিয়া কেন এত অস্ত্র মজুদ করেছিল? তাহলে কি তারা বেআইনি অস্ত্র কারবারের সঙ্গেও জড়িত? ঝাড়খণ্ড-সহ একাধিক জায়গায় বেআইনি কয়লা কারবারের সঙ্গে জড়িয়ে এই দুই কুখ্যাত। কোথা থেকে এল এত অস্ত্র ও কার্তুজ? সেই তথ্য খতিয়ে দেখতে ফের ধৃতকে জেরা করা হবে।
  • Link to this news (প্রতিদিন)