• সুমিত রায়কে জিজ্ঞাসাবাদে বড় কোনও তথ্য উঠে এল? শনিবারের পরে আজও ভবানী ভবনে অভিষেকের পিএ
    এই সময় | ০৯ আগস্ট ২০২৬
  • ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। শনিবারের পরে রবিবারও সিআইডি দপ্তরে হাজিরা দিলেন তিনি। শনিবার প্রায় ১০ ঘণ্টা ভবানী ভবনে ছিলেন সুমিত। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে ভবানী ভবন থেকে বেরিয়েই পৌঁছে গিয়েছিলেন অভিষেকের বাড়িতে। রবিবার ফের তাঁকে তলব করে সিআইডি। সকাল ১০টার মধ্যে হাজিরা দিতে বলা হয়। নির্ধারিত সময়ের কিছুটা আগেই পৌঁছে যান এ দিন। পর পর দু’দিন সুমিতকে তলব প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘সিআইডি ডেকেছে। তদন্ত চলছে। দেখা যাক কত দূর কী হয়। ও তো তৃণমূলই করত, টিএমসির লোক। যত অপকর্মে নাম আছে, সব তদন্ত হবে।’

    পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি দুর্নীতির অভিযোগে নাম জড়ানোর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিতকে হাজিরার জন্য একাধিক বার নোটিস দিয়েছিল সিআইডি। তাঁর খোঁজে মাসখানেক আগে কালীঘাটে অভিষেকের বাড়িতেও হানা দিয়েছিল শালবনি থানার পুলিশ। কিন্তু সুমিতের খোঁজ মেলেনি। পরে এই মামলার তদন্তভার হাতে নেয় সিআইডি।

    সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন সুমিত। গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে জামিন দেয় তাঁকে। সেই জামিন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সুমিতের ক্যানাল রোড ও নিউ আলিপুরের ঠিকানায় যায় সিআইডি। তলবের নোটিস দেওয়া হয়। যদিও সে সময়ে সুমিত বাড়িতে ছিলেন না। তবে নোটিস পেয়ে শনিবারই সুমিত ভবানী ভবনে যান।

    সকাল প্রায় ১০টা থেকে সন্ধে গড়িয়ে চলে জিজ্ঞাসাবাদ। এর পরেই জানা যায়, ফের রবিবার তাঁকে তলব করা হয়েছে। সেই মতো এ দিন হাজির হন তিনি। সিআইডি সূত্রের খবর, কার নির্দেশে শালবনির জমি দুর্নীতি হয়েছে, এর পিছনে কারও চাপ ছিল কি না, কত টাকার লেনদেন হয়েছে, কে বা কারা সেই টাকা পেয়েছেন— এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। এ নিয়ে এক প্রস্থ জিজ্ঞাসাবাদ হয়েছে শনিবারই। জিজ্ঞাসাবাদ পর্বের পুরোটা ভিডিয়ো রেকর্ডিংও করা হয়।

  • Link to this news (এই সময়)