লালগোলায় ফের পাকড়াও অবৈধ বাংলাদেশি, ৫ ধৃতকে হোল্ডিং সেন্টারে পাঠাল পুলিশ
আজ তক | ০৯ আগস্ট ২০২৬
রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝেমধ্যেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ার খবর আসে। তাদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্যও পায় পুলিশ। এবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এবার মুর্শিদাবাদে ধরা পড়ল ৫ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। মুর্শিদাবাদের লালগোলায় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে অবৈধভাবে ঢোকা অনুপ্রবেশকারী ৫ বাংলাদেশিকে গ্রেফতার করে হোল্ডিং সেন্টারে পাঠাল পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে লালগোলা থানার অন্তর্গত পদ্মা নদীর তীরবর্তী পণ্ডিতপুর আমবাগানে বিশেষ অভিযান চালায় পুলিশ। লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত ভকতের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে হানা দিয়ে ৫ জন বাংলাদেশি নাগরিককে পাকড়াও করে। জিজ্ঞাসাবাদে কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা। শুধু তাই নয় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের বিষয়টি স্বীকারও করে নেয় ওই বাংলাদেশিরা। এরপরেই তাদের থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আলামিন, মহম্মদ সাদ্দাম হোসেন, মহম্মদ আসামউদ্দিন, আমিনুল শেখ ও মহম্মদ কায়েম। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর অন্য রাজ্যে কাজের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে তাদের প্ল্যানে জল ঢেলে দেয় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের হোল্ডিং সেন্টারে পাঠানোর ব্যবস্থা করে লালগোলা থানার পুলিশ।