‘ও বেঁচে আছে’, রোগী মৃত্যুর পরেই রণক্ষেত্র রতুয়া গ্রামীণ হাসপাতাল
প্রতিদিন | ০৯ আগস্ট ২০২৬
জানলা-দরজার কাচভাঙা। উলটে রয়েছে চেয়ার, টেবিল। রোগীমৃত্যু ঘিরে রণক্ষেত্র মালদহের রতুয়া গ্রামীণ হাসপাতাল। রোগীর পরিবারের তাণ্ডবের অভিযোগ। আক্রান্ত হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হাসপাতাল সূত্রে খবর, রবিবার সকালে তড়িদাহত হন রতুয়ার এক বাসিন্দা। তাঁকে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা পরিবারকে জানান, রোগীর মৃত্যু হয়েছে। অভিযোগ, এই খবর মানতে রাজি হননি তারা। তাঁরা দাবি করেন, উনি বেঁচে আছেন। এরপরই হাসপাতালে শুরু হয় তাণ্ডব। উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতালের পরিস্থিতি। পরপর বেশি কিছু জানলা, দরজার কাচ ভাঙা হয় বলে অভিযোগ। অভিযোগ, ওই রোগীর পরিবারের লোকজন মারধর করেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও। এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
পরিস্থিতি কোনওভাবে নাগালে আনতে না আসায় হাসপাতালের তরফে খবর দেওয়া হয় পুলিশে। ততক্ষণে হাসপাতালের জানলা-দরজা ভেঙে চুরমার। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগীর পরিবারকে জিজ্ঞাসাবাদও করেন পুলিশ আধিকারিকরা।