• ‘লোকতন্ত্র সেনানি’দের জন্য মাসিক ১০ হাজার টাকা ভাতা, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
    এই সময় | ০৯ আগস্ট ২০২৬
  • ‘লোকতন্ত্র সেনানি’দের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। সেনানিদের পরিবারকে মাসিক দশ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। রবিবার নবান্নে একটি অনুষ্ঠানে ‘পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানি সম্মান’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    নবান্নে এ দিন লোকতন্ত্র সেনানি সঙ্ঘের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের উদ্দেশে এ দিন শুভেন্দু বলেন, ‘আপনারা যে আদর্শের বীজ বপণ করেছিলেন, যে ভিত্তি স্থাপনা করেছিলেন, সেই আদর্শের উপরে দাঁড়িয়ে আজ পশ্চিমবঙ্গে আমি মুখ্যমন্ত্রী হিসেবে বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি। এর সোপান যদি কেউ তৈরি করে থাকে, সেটা আপনারা। আপনাদের সোপানের উপর ভিত্তি করেই এই সরকারটা তৈরি হয়েছে। কয়েক দশক সময় লেগেছে।’

    উল্লেখ্য, ১৯৭৫ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকারের আমলে দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। সেই জরুরি অবস্থার সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নিয়ে কারাবন্দি হওয়া ব্যক্তিদের অবদানের স্বীকৃতি দিতেই ‘পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানি সম্মান’ প্রদান অনুষ্ঠান করা হয়।

    ১৯৭৫ সালে দেশে জারি হওয়া জরুরি অবস্থার এ বছরে ৫০ বছর অতিক্রান্ত হয়েছে। সেই সময়ে সংবাদমাধ্যমের উপরে নিয়ন্ত্রণ, বিরোধী নেতাদের গ্রেপ্তার, নাগরিক স্বাধীনতার সীমাবদ্ধতা-সহ একাধিক বিষয়ে বিতর্ক তৈরি হয়। জরুরি অবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলে বহু মানুষকে কারাবন্দি হতে হয়। বস্তুত, দেশের অন্তত ১২টি রাজ্য - উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ওডিশা, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অসম এবং ঝাড়খণ্ডে আগেই জরুরি অবস্থার সংগ্রামী আন্দোলনকারীদের জন্য পেনশনের বন্দোবস্ত করা হয়েছে।

    ‘লোকতন্ত্র সেনানি’ কারা?

    ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নিয়ে কারাবন্দি হওয়া ব্যক্তিদের ‘লোকতন্ত্র সেনানি’ হিসেবে উল্লেখ করা হয়।

    লোকতন্ত্র সেনানি পরিবারকে কত টাকা ভাতা দেওয়া হবে?

    রাজ্য সরকারের ঘোষণামতে, তাঁদের পরিবারকে মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

    কোথায় এই ঘোষণা করা হয়েছে?

    নবান্নে আয়োজিত ‘পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানি সম্মান’ প্রদান অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়।

    ১৯৭৫ সালের জরুরি অবস্থা কবে জারি হয়েছিল?

    ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল।

    কেন লোকতন্ত্র সেনানিদের সম্মান জানানো হচ্ছে?

    জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নিয়ে কারাবন্দি হওয়া ব্যক্তিদের অবদানের স্বীকৃতি দিতেই তাঁদের সম্মান জানানো হচ্ছে।

  • Link to this news (এই সময়)