পুজোর সময় কলকাতার ভিড় থেকে একটু দূরে, শান্ত পরিবেশে কাটাতে পছন্দ করেন অনেকে। একটু মানসিক শান্তি পাওয়ার খোঁজে ছুটে যান অনেকে। আর এই ভ্রমণের পরিকল্পনা সময় থাকতেই করতে হয়। পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বাঙালি। আর কয়েক দিন পর থেকেই ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে যাবে। পাহাড়ি অঞ্চলকেই বেছে নিচ্ছেন বেশিরভাগ মানুষ। সেই তালিকায় কোন কোন জায়গা রয়েছে, জানেন?
পুজোর ছুটিতে উত্তরবঙ্গে পর্যটকের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পায়। কোথাও তিল ধারণের জায়গা থাকে না। আর এটা প্রতি বছরেরই ছবি। দার্জিলিং-কালিম্পংয়ের পাশাপাশি ডুয়ার্সও বেড়াতে যান বহু মানুষ। এ বছরও এক ঝাঁক পর্যটকদের প্রথম পছন্দ উত্তরবঙ্গ। পাহাড়, জঙ্গল, নদী, চা বাগান— সব মিলিয়ে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার সেরা ঠিকানা উত্তরবঙ্গ। তা ছাড়া এখানে কম খরচে ভ্রমণ সম্ভব।
প্রতি বছরের মতো এ বারেও হিমাচল প্রদেশে বাঙালি পর্যটকদের ভিড় বাড়তে চলেছে। শিমলা, মানালি থেকে শুরু করে তীর্থন ভ্যালি, স্পিতি— হিমাচলের জনপ্রিয় পর্যটক কেন্দ্রগুলোতে বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পরিবার, বন্ধু-বান্ধব এবং প্রিয়জনের সঙ্গে অনেকেই ঘুরতে যাচ্ছেন হিমাচল প্রদেশে। এমনকী সোলো ট্রাভেলাররাও বেছে নিচ্ছেন হিমাচল প্রদেশকে।
পহেলগাম হামলার পরে উপত্যকার পর্যটক শিল্পে ভাটা এসেছিল। এ বছর ধীরে ধীরে পুরোনো ছন্দে ফিরছে ভূস্বর্গ। বাঙালি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা কাশ্মীর। শরতে উপত্যকার রূপ দেখতে প্রতি বছর বহু মানুষ ছুটে যান সেখানে। এ বছরও পুজোয় বহু বাঙালি টিকিট কাটতে চলেছেন শ্রীনগরের।
যত দিন যাচ্ছে অরুণাচল প্রদেশে পর্যটকদের ভিড় বাড়ছে। মেঘালয়ের পরে এই রাজ্যেই ভ্রমণের চাহিদা এখন সবচেয়ে বেশি। বাঙালিদের পছন্দের তালিকাতেও ঢুকে পড়েছে অরুণাচল প্রদেশ। পর্যটকদের আগ্রহ বাড়ছে তাওয়াং, জ়িরো, আনিনির মতো জায়গা ঘোরার প্রতি। তাই পুজোর ছুটিতে অনেকের বাকেট লিস্টে অরুণাচল প্রদেশও রয়েছে।
ভারত জুড়ে স্পিরিচুয়াল ট্যুরিজ়মের চাহিদা বেড়েছে। তবে এ বছর পুজোয় বাঙালিরা বেছে নিচ্ছেন আদি কৈলাস যাত্রা। উত্তরখণ্ডের একাধিক জায়গা তালিকায় রয়েছে, কিন্তু বেশি চাহিদা আদি কৈলাসের। ওম পর্বত এবং আদি কৈলাস যাত্রায় বেশি আগ্রহী বাঙালি পর্যটকেরা।
১. পুজোয় বাঙালির পছন্দের ভ্রমণস্থল কোনগুলি?
উত্তরবঙ্গ, হিমাচল প্রদেশ, কাশ্মীর, অরুণাচল প্রদেশ ও আদি কৈলাস।
২. পুজোয় উত্তরবঙ্গে কেন পর্যটকের ভিড় বাড়ে?
পাহাড়, জঙ্গল, নদী ও চা-বাগানের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য।
৩. হিমাচলের কোন জায়গাগুলিতে পর্যটকদের আগ্রহ বেশি?
শিমলা, মানালি, তীর্থন ভ্যালি ও স্পিতি জনপ্রিয়।
৪. অরুণাচল প্রদেশের কোন জায়গাগুলি জনপ্রিয় হচ্ছে?
তাওয়াং, জ়িরো ও আনিনি পর্যটকদের আকর্ষণ করছে।
৫. আদি কৈলাসে কেন পর্যটকদের আগ্রহ বাড়ছে?
স্পিরিচুয়াল ট্যুরিজ়মের চাহিদা বৃদ্ধির কারণে ওম পর্বত ও আদি কৈলাস যাত্রায় আগ্রহ বাড়ছে।