• এত দিন কোথায় ছিলেন? যা উত্তর দিলেন অভিষেকের PA সুমিত রায়
    আজ তক | ১০ আগস্ট ২০২৬
  • Sumit Roy News: প্রায় দু’মাস পর সিআইডির জেরার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। গত দু’মাস কোথায় ছিলেন? ভবানী ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর দিলেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ এবং ‘সেবাশ্রয়’ নিয়ে প্রশ্ন করা হলে বার বার উত্তর এড়িয়ে গেলেন। পর পর দু’দিন জিজ্ঞাসাবাদের পর রবিবার ভবানী ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। স্বাভাবিক ভাবেই প্রথম প্রশ্ন ছিল; এত দিন কোথায় ছিলেন সুমিত? কেন তদন্তকারীদের সামনে হাজির হননি? সেই প্রশ্নের উত্তরে অবশ্য দীর্ঘ ব্যাখ্যা দেননি তিনি। বরং প্রথমে মন্তব্য করতে চাননি। পরে একটি ছোট্ট উত্তর দেন।

    সুমিতের উত্তর, 'এ দিকে, আশপাশেই ছিলাম।'

    তা হলে গত দু’মাস কি কলকাতা বা তার আশপাশেই ছিলেন অভিষেকের আপ্তসহায়ক? তবে ঠিক কোথায় ছিলেন, কার কাছে ছিলেন বা এত দিন কেন প্রকাশ্যে আসেননি, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সুমিত।

    দু’মাসের ‘অজ্ঞাতবাস’ নিয়ে কী বললেন সুমিত?
    পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি সংক্রান্ত মামলায় সুমিত রায়ের বিরুদ্ধে তদন্ত চলছে। সেই মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সিআইডি। দীর্ঘ সময় ধরে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়ার পর রবিবার ভবানী ভবনের বাইরে বেরোন সুমিত।

    সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। শুরুতেই প্রশ্ন করা হয়, 'গত দু’মাস আপনি কোথায় ছিলেন?' প্রথমে সুমিতের উত্তর ছিল, 'আমি এই বিষয়ে মন্তব্য করতে পারব না।' কিন্তু ফের একই প্রশ্ন করা হলে শেষ পর্যন্ত বলেন, 'এ দিকে, আশপাশেই ছিলাম।'

    এর পর তাঁকে প্রশ্ন করা হয়, এত দিন আত্মগোপন করে থাকার কারণ কী? সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সুপ্রিম কোর্টের কথা বলেন। তাঁর বক্তব্য, 'সুপ্রিম কোর্ট যেমন নির্দেশ দিয়েছে, তা-ই তো মেনে চলছি।'

    শালবনীর জমি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ
    সুমিত রায়কে ঘিরে মূল তদন্তের অন্যতম বিষয় পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকার জমি সংক্রান্ত মামলা। এই মামলাতেই তাঁকে সিআইডি জিজ্ঞাসাবাদ করছে।

    শনিবার তাঁকে দীর্ঘ সময় ধরে প্রশ্ন করা হয়। রবিবারও ফের তলব করা হয়েছিল। এ দিন প্রায় আট ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যায়।

    জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে পড়েন তিনি। কিন্তু তদন্তাধীন বিষয় হওয়ায় অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে যান। কোথাও বলেন, 'মন্তব্য করতে পারব না', কোথাও আবার সংক্ষিপ্ত উত্তর দিয়ে থেমে যান।

    ‘সেবাশ্রয়’ নিয়ে প্রশ্ন
    সাংবাদিকেরা প্রশ্ন করেন, ‘সেবাশ্রয়’কে ঘিরে বিভিন্ন অভিযোগে তাঁর নাম কেন জড়াচ্ছে?

    এই প্রশ্নের কোনও ব্যাখ্যা দিতে চাননি অভিষেকের আপ্তসহায়ক। তাঁর উত্তর, 'বলতে পারব না। সেবাশ্রয় নিয়ে মন্তব্য করতে পারব না।'

    ‘হেনস্থা করা হচ্ছে?’  
    সুমিতকে আরও প্রশ্ন করা হয়, তদন্তের নামে তাঁকে কি হেনস্থা করা হচ্ছে? সুমিত বলেন, 'হতে পারে। কারা করাচ্ছে বলতে পারব না। পুলিশ যখনই ডাকবে সহযোগিতা করব। পুলিশের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করার চেষ্টা করছি।'

    ‘আমার বিরুদ্ধে যা অভিযোগ, মিথ্যা’
    অন্য দিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির বিষয়ে প্রশ্ন করা হলে সুমিত রায় একেবারে অন্য অবস্থান নেন। অভিযোগগুলি তিনি অস্বীকার করেন। বলেন, 'আমার বিরুদ্ধে যা অভিযোগ, তা মিথ্যে।'

    তৃণমূলের গাড়িতে অভিষেকের বাড়িতে যাওয়া নিয়ে প্রশ্ন
    সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার সময় সুমিত রায়কে একটি তৃণমূলের গাড়িতে দেখা যায় বলে প্রশ্ন ওঠে। সেই গাড়ি নিয়ে সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন। সুমিতের বক্তব্য, 'যে অফিসে কাজ করি, সেই অফিস থেকে গাড়িটা দিয়েছে।'

    ফের তলব, এ বার ডেবরার চাকরি দুর্নীতি মামলা
    সিআইডির জিজ্ঞাসাবাদ এখানেই শেষ হচ্ছে না। সুমিত নিজেই জানিয়েছেন, পরের দিন ফের তাঁকে তদন্তকারীদের সামনে হাজির হতে হবে।

    ডেবরার চাকরি দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় তাঁকে ফের তলব করা হয়েছে বলে জানান তিনি। বলেন, 'কাল ১১টার সময় ডেকেছে।' 
  • Link to this news (আজ তক)