• উমর খালিদের বই ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস’ নিয়ে আলোচনা, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করল জেএনইউ
    প্রতিদিন | ১০ আগস্ট ২০২৬
  • দিল্লি দাঙ্গায় উসকানির অভিযোগে জেলবন্দি উমর খালিদ। আগামী ১০ আগস্ট ওই প্রাক্তন ছাত্রনেতার লেখা বই ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস’ নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এসএসএস-১ অডিটোরিয়ামে। যদিও শেষ মুহূর্তে ওই অনুষ্ঠান বাতিল করল জেএনইউ কর্তৃপক্ষ। এই ঘটনায় পড়ুয়াদের একাংশ বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে।

    বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (জেএনইউএসইউ) উদ্যোগে ‘আদিবাসী দিবস’ উপলক্ষে আয়োজন করা হয়েছিল একটি উন্মুক্ত আলোচনা সভা। যেটি ১০ আগস্ট দুপুর তিনটে থেকে সন্ধে ছটা অবধি হওয়ার কথা ছিল। আচমকাই ২৪ ঘণ্টা আগে নোটিস জারি করে তা বাতিল করে দিয়েছে জেনিইউ কর্তৃপক্ষ। ওই নোটিসে জানানো হয়েছে, অডিটোরিয়াম বুকিংয়ের সময় যে রিকুয়েস্ট ফর্ম জমা দেওয়া হয়েছিল, তাতে প্রস্তাবিত অনুষ্ঠান সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হয়নি। জয়েন্ট রেজিস্ট্রারের জারি করা এই বাতিলের চিঠিতে অনুমোদন দিয়েছেন স্কুল অব সোশাল সায়েন্সেস-এর ডিন।

    উমর খালিদের বই আলোচনাকে কেন্দ্র করে আয়োজিত সভায় যোগ দেওয়ার কথা ছিল অধ্যাপক প্রভু মহাপাত্র, অধ্যাপিকা উমা চক্রবর্তী, শুদ্ধব্রত সেনগুপ্ত, মানবাধিকার কর্মী হর্ষ মন্দার এবং গবেষক বনজ্যোৎস্না লাহিড়ীর। জানা গিয়েছে, জনজাতি দিবসের প্রেক্ষাপটে ভারতের প্রান্তিক সমাজ ও সামাজিক ফাটল নিয়ে বক্তব্য রাখার কথা ছিল আলোচকদের। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল লিগ্যাল স্টাডিজ’-এর শিক্ষক ড. অবিনাশ কুমার মূলত এসএসএস-১ অডিটোরিয়ামটি বুক করেছিলেন। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ১০ অগস্টের অনুষ্ঠানের আসল উদ্দেশ্য ও বিস্তারিত রূপরেখা খোলসা না করায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

    অনুষ্ঠান বাতিল করার বিষয়টি এক্স হ্যান্ডেলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে যুক্তি দেওয়া হয়েছে, জেএনইউ একটি “গণতান্ত্রিক এবং বিকেন্দ্রীভূত প্রতিষ্ঠান”। প্রথমে ‘স্কুল অব সোশাল সায়েন্সেস’-এর ডিন এই অনুষ্ঠানের অনুমতি দিলেও পরবর্তীতে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ার কারণে তিনি নিজেই পদক্ষেপ করে বুকিংটি বাতিল করেছেন।

    প্রসঙ্গত, ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস: আদিবাসী হিস্ট্রিজ অ্যান্ড দ্য পলিটিক্স অব পাওয়ার’ বইটি আসলে উমর খালিদের পিএইচডি থিসিস। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর হিস্টোরিক্যাল স্টাডিজ’ থেকে উমর খালিদ ঝাড়খণ্ডের সিংভূম অঞ্চলের আদিবাসী উপজাতিদের ইতিহাসের ওপর পিএইচডি গবেষণা করেছিলেন। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ উমরের এই পিএইচডি থিসিস সম্পর্কে মন্তব্য করেছিলেন, “কোনও ভারতীয় গবেষকের লেখা অন্যতম সেরা ও পরিণত একটি ডক্টরাল ডিসারটেশন”। সেই উমরই দিল্লি দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে বর্তমানে জেলবন্দি, তাঁর বই নিয়ে অনুষ্ঠানেও এবার বাঁধা।
  • Link to this news (প্রতিদিন)