হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
প্রতিদিন | ১০ আগস্ট ২০২৬
লোকসভায় মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার সময় নিজের দামি লুই ভিতোঁর ব্যাগ টেবিলের আড়ালে সরিয়ে রেখেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। আর এবার সংসদে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ব্যাগের দাম নিয়ে চর্চা শুরু হল। জানা গিয়েছে, ব্যাগটির দাম ৩৫ লাখ টাকা। আলোচনা হচ্ছে তাঁর রোলেক্সের ঘড়ির দাম নিয়েও। এমনকী তাঁর ছাতার দামও আকাশছোঁয়া!
লোকসভায় বাদল অধিবেশন চলাকালীন সংসদে উপস্থিত হন বিজেপির সাংসদ কঙ্গনা রানাওয়াত। আকাশি রঙের একটি শাড়ি ও সাদা ব্লাউজ পরে বেশ ছিমছাম লুকে ক্যামারায় ধরা দেন তিনি। তবে এর মধ্যেও তাঁর ব্যাগ ও ঘড়ি নজর কেড়েছে নেটিজেনদের। তাঁর ব্যাগটি হার্মিস বার্কিন কোম্পানির। যার মূল্য আনুমানিক ৩৫ লক্ষ টাকা। এই স্ট্রাকচার্ড ব্যাগটিতে একটি কালো রঙের হাতল ও কিছু সোনালি রংঙের কাজ রয়েছে। এসব অনুষঙ্গ ব্যাগটিকে করেছে অনন্য। এর পাশাপাশি তিনি একটি রোলেক্সের ঘড়ি পরেছিলেন। এই ঘড়ির দাম ২১ লক্ষ টাকা।
এদিন সংসদের আউটফিটের জন্য উত্তর-পূর্ব ভারতের হালকা নীল রঙের একটি ‘এরি সিল্ক’ বেছে নিয়েছিলেন কঙ্গনা। শাড়ির পাড়টি সাদা রঙের ও অত্যন্ত সূক্ষ্ম কাজ করা। এই শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন একটি সাদা ব্লাউজ। শাড়ির আঁচল কাঁধের উপর প্লিট করা। খুব বেশি গয়না পরেননি তিনি। হাতে একটি আংটি ও কানে দুল পরে নিজের লুক সাধারণ রাখার চেষ্টা করেছেন তিনি। তবে এর ফলে কঙ্গনার ছিমছাম লুক কোনওভাবেই চাপা পড়ে যায়নি।
শুধু ব্যাগ বা ঘড়ি নয়, চর্চা হচ্ছে কঙ্গনার ছাতা নিয়েও। বর্ষার দিনে তাঁর লুকের সঙ্গে কমপ্লিমেন্ট করছিল ছাতাটি। গুড আর্থের ওই ছাতাটির দাম ৬১০০ টাকা। আকাশি বা অ্যাকোয়া রঙের এই ছাতাটির উপরের অংশে ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলীয় ধাঁচের প্রিন্ট এবং ভেতরের দিকে ছিল গ্রাফিক শেভরন প্যাটার্ন। ছাতাটিতে আছে কাঠের হাতলও। ওই ছাতাটি তাঁর শাড়ির রঙের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে যাচ্ছে।