• আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
    প্রতিদিন | ১০ আগস্ট ২০২৬
  • আবাস যোজনার ঘরের ছবি তুলতে, তথ্য যাচাইয়ের জন্য গিয়েছিলেন পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। সেই সময় বাড়িতে মহিলাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানা এলাকায়। অভিযোগ উঠতেই ওই জিআরএসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জ থানার একটি পঞ্চায়েত এলাকায় ছবি তুলতে যান অভিযুক্ত হাজিকুর রহমান। তথ্য খতিয়ে দেখার নামে একটি বাড়িতে ঢুকে মহিলাকে একা পান। অভিযোগ জোর করে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন যুবক। মহিলা চিৎকার করেন। তা শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। লোকজন ছুটে আসার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। ঘটনার পর ওই মহিলা ও তাঁর পরিবার হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত পঞ্চায়েত কর্মীকে।

    এই অভিযোগের পাশাপাশি ওই কর্মীর বিরুদ্ধে আর্থিক প্রতারণারও অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের প্রভাবশালী নেতাদের মদতে এলাকায় ভয় দেখাতেন ওই কর্মী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাজিকুর। তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)