• মধ্যমগ্রামে ‘দাদা-বৌদির বিরিয়ানি’র নতুন শাখায় বিপুল ভিড়, জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল
    এই সময় | ১০ আগস্ট ২০২৬
  • সৌমেন রায়চৌধুরী

    ব্যারাকপুরের বিখ্যাত ‘দাদা-বৌদির বিরিয়ানি’র নতুন শাখায় ক্রেতাদের ভিড়ের কারণে যান চলাচল ব্যাহত মধ্যমগ্রামের যশোহর রোডে। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন মধ্যমগ্রাম ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা। যান চলাচল স্বাভাবিক করতে কড়া পদক্ষেপ ট্র্যাফিক পুলিশের। যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    জানা গিয়েছে, বিখ্যাত বিরিয়ানির রেস্তোরাঁর একটি শাখা খোলা হয়েছে মধ্যমগ্রামের ১২ নম্বর জাতীয় সড়কের কাছে। নতুন শাখা উদ্বোধন হওয়ার কারণে বিরিয়ানি প্রেমীদের ভিড় জমে যায় সেই স্টলের সামনে। লম্বা লাইন ও ভিড়ের কারণে রবিবার রাতেই যান চলাচল ব্যাহত হয় রাস্তায়। বিরিয়ানি কিনতে ও খেতে বহু মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। তবে দোকানে বাইরে জায়গা থাকলেও বৈধ কোনও পার্কিং দেখা যায়নি।

    অভিযোগ, দোকানে আসা বহু ক্রেতা নিজেদের দু’চাকা ও চার চাকা গাড়ি যশোহর রোডের ধারে দাঁড় করিয়ে দোকানে ঢুকছিলেন। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচলে ব্যাপক সমস্যা দেখা দেয়। ক্রমশ রাস্তার একাংশ গাড়িতে ভরে যাওয়ায় যানজটের পরিস্থিতি তৈরি হয়।

    ঘটনার খবর পৌঁছতেই জেলা প্রশাসন ও ট্র্যাফিক পুলিশের আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের নির্দেশে ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট আধিকারিকেরা এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখেন। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নজরদারি চালানোর পাশাপাশি কয়েকজন গাড়িচালকের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থাও করতে দেখা যায় ট্রাফিক পুলিশকে।

    দোকান কর্তৃপক্ষের তরফে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হলেও বিপুল ভিড় সামাল দিতে তাঁদেরও হিমশিম খেতে হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, জনপ্রিয় বিরিয়ানি দোকানের নতুন শাখা খোলায় এলাকায় ব্যবসার আকর্ষণ বাড়লেও পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় যশোহর রোডে সমস্যা তৈরি হচ্ছে। রাজ্যজুড়ে অবৈধ পার্কিং নিয়ে প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই যশোহর রোডের মতো গুরুত্বপূর্ণ সড়কের ধারে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রাও। 'দাদা-বৌদির বিরিয়ানি' কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ভবিষ্যতে একই ভাবে যানজটের সৃষ্টি হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

  • Link to this news (এই সময়)