• মেঘ কেটে দেখা দেবে রোদ ঝলমলে আকাশ, দক্ষিণে ‘ব্রেক কষল’ বৃষ্টি, উত্তরবঙ্গে কী অবস্থা?
    এই সময় | ১০ আগস্ট ২০২৬
  • বৃষ্টি থেকে সাময়িক বিরতি বাংলায়। দুর্যোগের মেঘ কেটে গিয়ে দেখা দিল নীল আকাশ। আগামী দু’এক দিন কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আপাতত বৃষ্টির বিরতি। উত্তরবঙ্গেও কমবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা।

    তবে, আবহাওয়ার এই পরিবর্তন সাময়িক বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেই জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অধিকর্তা সৌরীশ বন্দ্যোপাধ্যায়। তবে, উত্তরবঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ আর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।

    কলকাতায় সোমবার সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের বেলায় রোদের দেখা মিলতে পারে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও শহরের কোথাও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশের বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। অন্য দিকে, রবিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও শহরের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

    দক্ষিণবঙ্গে সাময়িক ভাবে বৃষ্টির বিরতি। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশে বৃষ্টির কালো মেঘের আনাগোনা কম থাকায় দিনের অনেকটা সময়ে রোদের দেখা পেতে পারেন দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টি কমে চড়া রোদ উঠলে বাড়তে পারে তাপমাত্রাও।

    তবে, বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গে। নতুন করে বর্ষার মেঘের আনাগোনা বৃদ্ধি পেলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতাতেও।

    উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার বিকেল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা উল্লেখযোগ্য ভাবে কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    এক নজরে

    FAQ

    আগামী দু'দিন কলকাতায় কি ভারী বৃষ্টি হবে?

    না, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দু'দিন কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং রোদ উঠতে পারে।

    দক্ষিণবঙ্গে কবে থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে?

    বুধবার থেকে দক্ষিণবঙ্গে নতুন করে বর্ষার মেঘের আনাগোনা বৃদ্ধি পাবে। এর ফলে কলকাতা এবং উপকূলবর্তী জেলাগুলিতে (দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর) বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে।

    বৃষ্টি কমলেও কি গরমের অস্বস্তি থাকবে?

    হ্যাঁ, বৃষ্টি কমলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশের বেশি থাকছে। তাই চড়া রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি ও ভ্যাপসা গরম অনেকটাই বৃদ্ধি পাবে।

    উত্তরবঙ্গের বর্তমান আবহাওয়া কেমন?

    উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির তীব্রতা অনেকটাই কম। সোমবার বিকেল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং চলতি সপ্তাহে তা বাড়ার সম্ভাবনা নেই।

  • Link to this news (এই সময়)