• মমতার গাড়িতে কাদা, জুতো ছোড়া, আজ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু, পরিস্থিতি ঠিক কী?
    আজ তক | ১০ আগস্ট ২০২৬
  • রবিবার মৃত দলীয় কর্মীর বাড়িতে যেতে গিয়ে হালিশহরে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সরাসরি তাঁকে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান ওঠে। এমনকি গাড়ি লক্ষ্য করে বোতল, জুতো, কাদা ছোড়া হয় বলেও অভিযোগ। মমতা বন্দ্য়োপাধ্যায় দাবি করেন, পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে। এবার রবিবারের সেই ইস্যু নিয়ে প্রতিবাদে নামছে মমতাপন্থী তৃণমূল শিবির।

    বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এই প্রতিবাদ কর্মসূচির কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, সোমবার দুপুর দুটোয় রাজ্য বিধানসভা ভবনে তৃণমূল বিধায়করা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন। প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়সহ অন্য নেতারাও এই কর্মসূচিতে সামিল হবেন বলে জানান তিনি।

    তবে শুধুমাত্র বিধানসভায় কর্মসূচি নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়েও কর্মসূচির ডাক দেন বেলেঘাটার বিধায়ক। একটি ভিডিও বার্তায় কুণাল ঘোষ বলেন, "দলীয় নেতৃত্বের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সোমবার রাজ্যের দুপুর ৩টে থেকে ৪টে পর্যন্ত রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিটি জায়গায় শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ হবে। মানুষকে আরও সচেতন করতে হবে। যে গুণ্ডারাজ বিজেপি শুরু করেছে, তার বিরুদ্ধে হবে এই শান্তিপূর্ণ বিক্ষোভ।"

    উল্লেখ্য, মমতা বন্দ্য়োপাধ্যায়ের উপর হওয়া এই আক্রমণের ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়েছে ISF-ও। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর চটি, কাদা, ঢিল ছোঁড়ার ঘটনায় নিন্দা জানিয়েছে আইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। 

    অন্যদিকে, এই ঘটনায় মমতার বন্দ্য়োপাধ্য়ায়ের পাশে এসে দাঁড়িয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও ভয়াবহ বলে উল্লেখ করে কেজরিওয়াল দাবি করেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। উল্টোদিকে, অখিলেশ যাদব সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। তিনি লেখেন, "আবর্তনের ফলে একদিন হয়তো প্রত্যেককেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তাই সবার উচিত পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রাখা।"

     
  • Link to this news (আজ তক)