বাঘের সঙ্গে লড়াই, জীবন বাজি রেখে কাজ! তবুও তারা...! সুন্দরবনের কুইক রেসপন্স টিমের করুণ পরিস্থিতি
News18 বাংলা | ১০ আগস্ট ২০২৬
: জীবন বাজি রেখে বাঘ তাড়ান তাঁরা, অথচ জীবনের হিসাব মেলেনা সেই কুইক রেসপন্স টিমের সদস্যদের। জঙ্গল থেকে বাঘ বের হলে ডাক পড়ে তাদের। সেই সময় গ্রামবাসীদের ভরসা তাঁরা। অথচ সারা বছর তাদের খোঁজ নেয়না কেউ। সুন্দরবনের কুইক রেসপন্স টিমের সদস্যদের দাবি স্থায়ী নিয়োগ, স্বাস্থ্যবীমা ও সামাজিক নিরাপত্তা দিতে হবে। জীবন বাজি রেখে কাজ করেও দুর্ঘটনার পর মিলছে না পর্যাপ্ত সহায়তা এমনই অভিযোগ তাদের। অথচ সুন্দরবনে বাঘ লোকালয়ে ঢুকলেই বনদফতরের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠেন কাল পোশাক পরা এই ব্যক্তিরা। বাঘের অবস্থান চিহ্নিত করা, জঙ্গলে নেমে নেট ও ফেন্সিং করা, খাঁচা পাতা, প্রয়োজনে বাঘটিকে খাঁচাবন্দি করা, নিরাপদে জঙ্গলে ফিরিয়ে দেওয়া সহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলিই করেন তাঁরা। অথচ তাঁরা বনদফতরের স্থায়ী কর্মী নন। ফলে দিনমজুর হিসেবে দিনে এক হাজার টাকা মজুরিতে কাজ করেন সেই সময়। বাঘ চলে গেলে আর কাজ নেই। তখন কোনওরকমে কষ্টের মধ্যে দিন কাটাতে হয়। শুধু সুন্দরবন নয়, প্রয়োজনে জেলার বাইরেও উদ্ধার অভিযানে যান এই সদস্যরা। গত বছর ওড়িশা থেকে ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায় চলে আসা একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে উদ্ধার করতেও ডাকা হয়েছিল সুন্দরবনের এই দলকে।